ফাঁসির সেলে সালাউদ্দিন কাদের চৌধুরী
মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে গতকাল বুধবার কাশিমপুর কারাগারের ফাঁসির সেলে নেওয়া হয়েছে। কয়েদির পোশাকে অন্য সময়ের মতো গতকালও তাঁকে স্বাভাবিক দেখা যায়।
কারা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সাকা চৌধুরীর ফাঁসির আদেশ দেওয়ার পর রাতেই তাঁর ডিভিশন বাতিল করা হয়। কারাগারে রাতে তাঁকে কয়েদির পোশাক দেওয়া হয়।
কয়েদির পোশাক আনা হলে সাকা চৌধুরী বলেন, ‘এখন তো কয়েদির পোশাক পরতেই হবে, পোশাকটি দিন, পরে দেখি।’ পরে তিনি নিজেই কয়েদির পোশাক পরেন।
অন্যান্য দিনের মতোই গতকাল বিএনপির এই নেতাকে স্বাভাবিক দেখা যায় এবং তিনি খাবার খান। তাঁকে এখন যে সেল দেওয়া হয়েছে, সেটি খুবই ছোট। সেখানে দুটি কম্বল দেওয়া হয়েছে। কক্ষের সঙ্গে একটি ছোট টয়লেট আছে। রায় ঘোষণার পর এখনো পরিবারের কেউ তাঁর সঙ্গে দেখা করতে আসেননি।
কারাগারের জেলার মো. মজিবুর রহমান প্রথম আলোকে বলেন, সাকা চৌধুরীকে কারাগারের ৩০ নম্বর সেলে পাঠানো হয়েছে। তাঁকে পাঠানোর পর ওই সেলটি কনডেম সেল হিসেবে ঘোষণা করা হয়েছে।