পূর্ব সুন্দরবন-সংলগ্ন বলেশ্বর নদের পদ্মা স্লুইস এলাকায় অভিযান চালিয়ে গত বুধবার ভারতীয় ট্রলারসহ ৩৩৭ গাঁট শাড়ি, থ্রিপিস, জামা ও প্যান্ট উদ্ধার করেছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। কাপড় ধরতে সহযোগিতার অভিযোগে চোরাকারবারিরা পূর্ব সুন্দরবনের চান্দেশ্বর টহল ফাঁড়ির বনকর্মীদের হত্যার হুমকি দেয়। হুমকির মুখে বনকর্মীরা ওই ক্যাম্প ছেড়ে সুপতি স্টেশনে আশ্রয় নিয়েছেন।সুপতি স্টেশন কর্মকর্তা প্রহল্লাদ চন্দ্র জানান, গত বুধবার সন্ধ্যায় কর্তৃপক্ষের নির্দেশে ও কোস্টগার্ডের সহযোগিতায় চান্দেশ্বর ক্যাম্পের আতঙ্কিত পাঁচ বনকর্মীর সবাইকে সরিয়ে আনা হয়। এই পাঁচজন হলেন: মো. মালেক খান, ইমান আলী, বদর প্রামাণিক, মানিক মিয়া ও ট্রলারচালক সুমন।মালেক খানের উদ্ধৃতি দিয়ে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক কাশ্যপী বিকাশ চন্দ্র জানান, ওই দিন দুপুর ১২টার দিকে চান্দেশ্বর টহল ফাঁড়ির সদস্যরা কাঠ পাচারকারী চক্র সন্দেহে সুন্দরবনের কাতলেশ্বর খালে ভারতীয় ওই ট্রলারকে থামতে বলেন। কিন্তু ট্রলারটি চলতে থাকলে বনকর্মীরা সেটি থামাতে দুটি গুলি ছোড়েন। এ সময় ট্রলারে থাকা ২০-২৫ জন অস্ত্রধারী পাল্টা হামলার প্রস্তুতি নিলে প্রাণ বাঁচাতে বনকর্মীরা আত্মসমর্পণ করেন। শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় বন বিভাগ কোনো মামলা করেনি।