ফাঁড়িতে নিয়ে পুলিশের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় গতকাল মঙ্গলবার চাঁদা আদায়ের ছবি মুঠোফোনে ধারণ করায় এক ব্যক্তিকে আটক করে পুলিশ৷ পরে তাঁকে সন্ধ্যায় ছেড়ে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকেলে কাঠভর্তি একটি চাঁদের গাড়ি উপজেলার আজাদীবাজার হয়ে জাহানপুরের দিকে যাচ্ছিল। এ সময় আজাদীবাজারে অবস্থান করছিলেন সাদাপোশাকধারী জাফতনগর পুলিশ ফাঁিড়র দুই সদস্য রুহুল আমিন ও ফজল। তাঁরা এলাকায় পুলিশের ক্যাশিয়ার হিসেবে পরিচিত। প্রতিদিনই তাঁরা বিভিন্ন গাড়ি থেকে নিয়মিত চাঁদা আদায় করেন। বিকেলে ওই গাড়ি থেকে দুই পুলিশের চাঁদা আদায়ের দৃশ্য মুঠোফোনে ধারণ করেন ধর্মপুর গ্রামের বাসিন্দা স্থানীয় বাজারের ব্যবসায়ী মো. হান্নান। ওই সময় পুলিশ সদস্যরা বিষয়টি দেখে ফেলেন। এতে তাঁরা হান্নানের ওপর চড়াও হন। গলাধাক্কা দিয়ে তাঁর জামা ছিঁড়ে ফেলেন। পরে তাঁকে আটক করে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে জাফতনগর ফাঁড়িতে নিয়ে যান।
প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী জসিম উদ্দিন জানান, পুলিশ সদস্যরা হান্নানকে বাড়াবাড়ি করতে নিষেধ করেন৷ এ ছাড়া তাঁরা হান্নানকে মামলার ভয় দেখান। হুংকার দিয়ে ধমকাতে থাকেন। এটি সবাই দেখেছেন।
হান্নান প্রথম আলোকে বলেন, ‘মুঠোফোনে ধারণ করা দৃশ্যটি পুলিশ মুছে ফেলেছে। এ ছাড়া তাঁরা আমাকে গলাধাক্কা দিয়ে গাড়িতে তুলে ফাঁড়িতে নিয়ে যায়। পরে জনপ্রতিনিধি ও এলাকাবাসীর তোপের মুখে সন্ধ্যায় পুিলশ আমাকে ছেড়ে দেয়।’
স্থানীয় ধর্মপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শহিদুল ইসলাম বলেন, ‘ঘটনাটি বাজারের শত শত মানুষ দেখেছে। হান্নান অনৈতিক কাজের ছবি ধারণ করেছেন, এটি তাঁর অন্যায় হতে পারে না!’
জাফতনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল হালিম বলেন, ‘পুলিশের এ অনৈতিক চাঁদা আদায়ের ঘটনার পরপরই এলাকার লোকজন আমাকে বিষয়টি জানান। পরে ফাঁড়ির এসআইকে বিষয়টি জানানোর পর হান্নানকে তাঁরা ছেড়ে দেন।’
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান ভূঁইয়া বলেন, ‘এলাকার ইউপি চেয়ারম্যান আমাকে বিষয়টি জানিয়েছেন। পরে খোঁজখবর নিয়ে ঘটনার সত্যতাও পেয়েছি। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’