ফাইজাকে নিতে চান অনেকেই

রাজধানীর আজিমপুরে ছোটমণি নিবাসের নতুন ঠিকানায় ফাইজা ভালো আছে। খাচ্ছে আর ঘুমাচ্ছে। সমাজসেবা অধিদপ্তর পরিচালিত এ নিবাসের অন্য ছোটমণিদের কাছ থেকে তাকে কিছুটা দূরে রাখতে ছোট মশারি দিয়ে আড়াল করে রাখা হয়েছে বলে জানালেন নিবাসের উপতত্ত্বাবধায়ক সেলিনা আক্তার।
গতকাল সোমবার রাতে টেলিফোনে সেলিনা আক্তার প্রথম আলোকে বলেন, ‘ও অনেক অনেক ভালো আছে। সামনে নতুন শীতের সময় আসছে। কোনোভাবে যাতে ঠান্ডা বা অন্য সমস্যা না হয়, সেদিকে নজর রাখা হচ্ছে।’
জন্মের পরপরই ফাইজাকে কে বা কারা গত ১৫ সেপ্টেম্বর রাজধানীর শেওড়াপাড়ার কাছে পুরোনো বিমানবন্দরের রানওয়ের পাশে সিমেন্টের বস্তায় ভরে ফেলে গিয়েছিল। এ সময় কুকুরের কামড়ে ক্ষতবিক্ষত হয় তার ঠোঁট ও নাকের বেশ খানিকটা অংশ। বাঁ হাতের দুটি আঙুলের মাথাও গেছে কুকুরের পেটে। কয়েকজন নারী সেখান থেকে তাকে উদ্ধার করে রাজধানীর শিশু হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক বিভাগের স্ক্যাবুতে নিয়ে আসেন। তারপর রোববার ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ফাইজাকে সেলিনা আক্তারের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেয়। হাসপাতাল কর্তৃপক্ষই ওর নাম দেয় ফাইজা। ফাইজা, অর্থাৎ বিজয়িনী। ভূমিষ্ঠ হওয়ার পরপরই ও কুকুরের খাবার হতে হতে বেঁচে গেছে। তারপর নানান প্রতিকূলতা পাড়ি দিয়ে এখন সুস্থ। সে তো ফাইজাই।
ফাইজাকে সেলিনা আক্তারের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়ার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান বলেন, কোনো নিঃসন্তান দম্পতি যদি ফাইজাকে নিতে চান, তাহলে পারিবারিক আদালতের মাধ্যমে আবেদন করে ছোটমণি নিবাস থেকে নিয়ে যাবেন।
গতকাল সেলিনা আক্তার প্রথম আলোকে জানান, নিবাসে এই মুহূর্তে ২৬টি শিশু আছে। ফাইজাসহ আটজনেরই বয়স কয়েক মাস থেকে শুরু করে দুই বছরের মধ্যে।
সেলিনা আক্তার বলেন, ‘১৯৬২ সাল থেকে নিবাসের যাত্রা শুরু। ফাইজাকে নিয়ে যে পরিমাণে সাড়া পড়েছে তা আর অন্য কারও বেলায় হয়নি। আমি সারাক্ষণ ফোন ধরতে ধরতে হয়রান হয়ে যাচ্ছি। প্রায় সবার এক কথা, তাঁরা ফাইজাকে নিতে চান। ফাইজাকে নেওয়ার জন্য যে নিয়মকানুন তা তাঁদের বলে দিচ্ছি।’