ফাইজার হাসিতে ঝলমলে নিবাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠোঁট ও নাকের বেশ খানিকটা অংশ গেছে কুকুরের পেটে। কিন্তু ওই ঠোঁট দিয়েই যখন সে হাসে, চারপাশও যেন হেসে ওঠে। হাসি দিয়েই ও সবাইকে মাতিয়ে রেখেছে। ও হচ্ছে কুকুরের হাত থেকে বেঁচে যাওয়া শিশু ফাইজা। তবে ছোটমণি নিবাসের উপতত্ত্বাবধায়ক সেলিনা আক্তার নাম দিয়েছেন রূপকথা। সে তো রূপকথাকেও হার মানিয়েছে।
কুচকুচে কালো বড় দুটি চোখ। নাক ও ঠোঁটের যে ক্ষত, এখন আর ততটা চোখে লাগে না। দুই আঙুলের মাথাও শুকিয়ে গেছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আজিমপুরে ছোটমণি নিবাসে গিয়ে দেখা যায়, ছোট লেপ মুড়ি দিয়ে সে ঘুমাচ্ছে। তারপর ঘুম থেকে তুলে বারান্দায় রোদে নিলে ওর মুখে দেখা দেয় হাসির ঝিলিক। একটু পর পর খলখলিয়ে হেসে ওঠে। তাই দেখে নিবাসে কর্মরত লোকজন ও অন্য শিশুরাও হাসে। কিছুক্ষণ পর তাকে আবার ঘরের ভেতর নিয়ে শুইয়ে দেওয়া হলো। লেপ মুড়ি দিয়ে উপতত্ত্বাবধায়ক সেলিনা আক্তার একটু দূরে যেতেই শুরু করল সুর করে কান্না।
সেলিনা আক্তার বাধ্য হয়ে ওকে কোলে নিলেন। আর সঙ্গে সঙ্গেই চুপ। যেন কান্না থামিয়ে জানিয়ে দিল, সে আদর চায়। ভালোবাসা চায়।
জন্মের পরপরই ফাইজাকে কে বা কারা গত ১৫ সেপ্টেম্বর রাজধানীর শেওড়াপাড়ার কাছে পুরোনো বিমানবন্দরের রানওয়ের পাশে সিমেন্টের বস্তায় ভরে ফেলে গিয়েছিল। এ সময় কুকুরের কামড়ে ক্ষতবিক্ষত হয় তার ঠোঁট, নাক ও হাতের দুটি আঙুল।
সেলিনা আক্তার বলেন, ‘এখন পর্যন্ত অনেকে এসে বলে, তারা “কুকুরে খাওয়া” বাচ্চাটিকে দেখতে এসেছে। তখন খুব খারাপ লাগে। মনে হয়, চিড়িয়াখানায় যেমন অনেকে অনেক কিছু দেখতে যায়, তেমনি রূপকথাকেও দেখতে চাইছে।’
সেলিনা আক্তার বলেন, শীতের সময় নিবাসের শিশুদের নিয়ে সবচেয়ে বেশি চিন্তায় থাকতে হয়। কার কখন ঠান্ডা লেগে যায়। এ ছাড়া নিবাসে এই শিশুদের জন্য কোনো চিকিৎসক বা কম্পাউন্ডার নেই। কখন হাসপাতালে ছুটতে হবে কে জানে।
গতকাল সমাজসেবা অধিদপ্তর পরিচালিত নিবাসে বাবা-মায়ের ফেলে দেওয়া, হারিয়ে যাওয়া বিভিন্ন বয়সী শিশু ছিল ২৪ জন। এর মধ্যে আটজনেরই বয়স খুব কম। সবচেয়ে ছোট ফাইজা। ও জন্মের পর পার করেছে তিন মাস।