ফাইনাল খেলতে গেলে আত্মঘাতী গোল খাবে বিএনপি: কাদের
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বিএনপিকে সতর্ক করে বলেছেন, জনগণকে সঙ্গে না নিয়ে ‘ফাইনাল খেলতে’ গেলে দলটিকে আত্মঘাতী গোল খেতে হবে।গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় ওবায়দুল কাদের এ কথা বলেন। তিনি দাবি করেন, প্রধান বিরোধী দল তাদের অতীতের খারাপ কাজের জন্য জনগণের কাছে একবারও দুঃখ বা অনুতাপ প্রকাশ করেনি। সুতরাং তারা যে ফাইনাল খেলার কথা বলছে, তাতে জনগণ সাড়া দেবে না। চার দলের রোডমার্চ কর্মসূচির পর সরকারবিরোধী আন্দোলনের ফাইনাল খেলা শুরু হবে বলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাম্প্রতিক এক বত্তৃদ্ধতার জের ধরে ওবায়দুল কাদের এ বক্তব্য দেন।আওয়ামী লীগের এই নেতা সরকারকেও সতর্ক করেন। তিনি বলেন, বিশ্ব অর্থনৈতিক মন্দার ধাক্কা বাংলাদেশের দিকে ধেয়ে আসছে। এ অবস্থার মোকাবিলা করতে হলে সরকারি দলকে জনগণের আস্থা অর্জন করতে হবে। সে জন্য সরকারকে আগামী দুই বছরের মধ্যে নির্বাচনী প্রতিশ্রুতির ন্যূনতম ৭০ শতাংশ পূরণ করতে হবে। প্রমাণ করতে হবে, সরকার পরিচালনায় বিএনপির চেয়ে আওয়ামী লীগ গুণগতভাবে ভালো।আওয়ামী লীগের মহানগর শাখার সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, বিএনপি যত দিন জামায়াত-শিবিরকে সঙ্গে নিয়ে রাজনীতি করবে, তত দিন তাদের ক্ষমতার বাইরে থাকতে হবে।‘দেশ ও গণতন্ত্রের স্বার্থে জঙ্গিবাদী জামায়াত-শিবির, আমিনী গংদের রাজনীতি নিষিদ্ধ করার বিকল্প নেই’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করেছে বাঙালি জাতীয়তাবাদ পরিষদ নামে একটি সংগঠন। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবদুল হক।