প্রথম আলো-পেপসি চেঞ্জ দ্য গেম রোড শো থেকে মুম্বাই গিয়ে বিশ্বকাপের ফাইনাল খেলা দেখার সুযোগ পেলেন চট্টগ্রামের রাম প্রসাদ চক্রবর্তী। মুম্বাই যাওয়া-আসা, থাকা-খাওয়াসহ আকর্ষণীয় কিছু অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ পাবেন তিনি। গতকাল মঙ্গলবার ঢাকার ক্লাব এমাজনে গেম শোর পর তাঁর হাতে মুম্বাইয়ের স্মারক টিকিট তুলে দেওয়া হয়।এর আগে ‘প্রথম আলো-পেপসি চেঞ্জ দ্য গেম’ শিরোনামে সারা দেশে যে রোড শোর আয়োজন করা হয়, সেখানকার ২৬ জন ঢাকায় চূড়ান্ত গেম শোতে অংশ নেওয়ার সুযোগ পান। রাম প্রসাদের মুম্বাইয়ের টিকিট ছাড়াও প্রথম আলো-পেপসির রোড শো থেকে যাঁরা গতকাল ঢাকায় চূড়ান্ত পর্বে অংশ নিয়েছিলেন, সেই ১৭ জন বাংলাদেশে অনুষ্ঠিত বিভিন্ন খেলা দেখার এবং বিরতিতে মাঠে প্রবেশের সুযোগ পাবেন। গত ১৪ ফেব্রুয়ারি শুরু হওয়া এই রোড শো চলবে ১৮ মার্চ পর্যন্ত। এর মধ্যে যাঁরা ঢাকা আসার সুযোগ পাবেন, তাঁদের নিয়ে আবার চূড়ান্ত গেম শো হবে। সেখানেও থাকবে মুম্বাইয়ে ফাইনালসহ বিশ্বকাপের ম্যাচ দেখার সুযোগ।রাম প্রসাদ চক্রবর্তী প্রথম আলো-পেপসির রোড শোতে অংশ নিয়েছিলেন গত ১৮ ফেব্রুয়ারি চট্টগ্রামের ফয়’স লেকে। সেখান থেকে তিনি ঢাকায় চূড়ান্ত রোড শোতে অংশ নেওয়ার সুযোগ পান। রাম প্রসাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান ইনস্টিটিউট থেকে এমএসসি পাস করেছেন। মুম্বাইয়ের টিকিট পেয়ে উচ্ছ্বসিত রাম প্রসাদ বলেন, ‘আমি আমার বোনের ছেলেমেয়ে প্রত্যয় ও অর্পিতাকে নিয়ে ফয়’স লেকে গিয়েছিলাম বেড়াতে। ওদের জন্য পুরস্কার জেতার ইচ্ছায় এই গেম শোতে অংশ নিই। ওদের উৎসাহে আমি চূড়ান্ত পর্বে বিজয়ী হতে পেরেছি। বাংলাদেশে অনুষ্ঠিত খেলার টিকিটই পাইনি। আর মুম্বাই গিয়ে ফাইনাল ম্যাচ দেখার সুযোগটি আসলে অভাবনীয়।’ গতকাল প্রথম আলো-পেপসি চেঞ্জ দ্য গেম রোড শোর প্রথম পর্বের চূড়ান্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন, প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হক, ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের নির্বাহী পরিচালক খুরশিদ ইরফান চৌধুরী, বাজার উন্নয়ন ব্যবস্থাপক আরিফ হোসেন এবং প্রথম আলোর অনুষ্ঠান ব্যবস্থাপক সাইফুল আজিম।