ফাইনালের টিকিট পেতে শুক্রবার বিকেলেই লাইন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রোববার এশিয়া কাপের ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। ফাইনালের টিকিট ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) মিরপুর শাখা থেকে বিক্রি শুরু হবে কাল শনিবার সকাল থেকে। কিন্তু ক্রীড়ামোদী দর্শকেরা ফাইনালের ‘সোনার হরিণ’ হয়ে যাওয়া টিকিট কিনতে শুক্রবার বিকেলের পর থেকেই ওই ব্যাংকের সামনে লাইনে দাঁড়িয়েছেন।
শেরেবাংলা স্টেডিয়ামে দর্শক ধারণক্ষমতা ২৫ হাজারের মতো। কিন্তু চাহিদা এর চেয়েও ঢের বেশি। যেদিন বাংলাদেশ দলের খেলা থাকে, সেদিন গ্যালারি থাকে দর্শকে ঠাসা। টিকিট না পেয়ে বাইরেও থাকেন অগণিত দর্শক।
ইউক্যাশের মাধ্যমে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের পাঁচটি শাখা থেকে টিকিট সংগ্রহের সুযোগ আছে। তবে দর্শক সরাসরি টিকিট কিনতে পারেন শুধু মিরপুর ১১ নম্বরের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক শাখা থেকে। সেই শাখার সামনে আজ বিকেল থেকেই দাঁড়িয়ে গেছে দর্শকদের দীর্ঘ সারি। দর্শকদের আশা, কাল সকালে ফাইনালের টিকিট বিক্রি শুরু হতেই যেন পাওয়া যায় কাঙ্ক্ষিত টিকিট। ফাইনালের জন্য ইউক্যাশ ও সরাসরি ব্যাংকের মাধ্যমে গ্যালারির ধারণক্ষমতার সর্বোচ্চ ৩০ শতাংশ টিকিট বিক্রি করা হবে বলে জানা গেছে। এর অর্থ হলো যারা আজ বিকেল থেকে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে অপেক্ষায় আছেন, এঁদের অনেককেই হয়তো ফিরতে হবে খালি হাতে।