ফাইন্যান্সিয়াল রিপোর্টিং আইনের বিরোধিতা আইসিএবির
প্রস্তাবিত ফাইন্যান্সিয়াল রিপোর্টিং আইনের বিরোধিতা করেছে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউটেন্টস অব বাংলাদেশ (আইসিএবি)। এর পাশাপাশি এই আইনের আওতায় ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল গঠনের ব্যাপারেও দ্বিমত পোষণ করেছে প্রতিষ্ঠানটি। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আইসিএবির নেতারা প্রস্তাবিত আইনটি সম্পর্কে এ মত দেন। তাঁরা দাবি করেন, আইসিএবি গঠন-সংক্রান্ত আইনের আওতায় হিসাব ও নিরীক্ষা খাতে আরও জবাবদিহি আনা সম্ভব। এ জন্য প্রয়োজনে এ-সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশ ১৯৭৩-এর ২ ধারা সংশোধনের পরামর্শ দেন তাঁরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আইসিএবির সভাপতি আবদুস সালাম।
এ ছাড়া উপস্থিত ছিলেন সাবেক সভাপতি হুমায়ন কবির এবং এ এস এম নাঈম, সাইফুল ইসলাম, এ কে চৌধুরী, ফরহাদ হোসেন, এম এ বারী প্রমুখ। উল্লেখ্য, ইতিমধ্যে প্রস্তাবিত ফাইন্যান্সিয়াল রিপোর্টিং আইনটি মন্ত্রিসভার বৈঠকে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
লিখিত বক্তব্যে বলা হয়, প্রস্তাবিত আইন বাস্তবায়িত হলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত হিসাব ও নিরীক্ষা পেশার স্বাধীনতা শুধু ক্ষুণ্ন হবে না, হিসাব ও নিরীক্ষা পেশা নিয়ন্ত্রণে দ্বৈততার কারণে সাংঘর্ষিক ও অচলাবস্থার সৃষ্টি হবে, যা আর্থিক বিবরণী প্রস্তুত ও নিরীক্ষার কাজকে বাধাগ্রস্ত করবে।
প্রস্তাবিত ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি) সম্পর্কে লিখিত বক্তব্যে আরও বলা হয়, এফআরসি গঠিত হলে আইসিএবির কার্যক্রমে ‘সুপার’ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান হিসেবে এর স্বাধীন মর্যাদায় হস্তক্ষেপ করার সুযোগ সৃষ্টি হবে এবং হিসাব ও নিরীক্ষা পেশার নিয়ন্ত্রণে দ্বৈততা প্রতিষ্ঠিত হবে। একই সঙ্গে পরিদর্শন কার্যক্রমে সাংঘর্ষিক অবস্থা তৈরি হবে। এতে ব্যবসা-বাণিজ্য, শিল্পকারখানার আর্থিক হিসাব প্রস্তুত ও নিরীক্ষাকাজের ব্যাঘাত ঘটিয়ে পুঁজিবাজারসহ সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডে জটিলতা সৃষ্টি হবে এবং অপ্রয়োজনীয় খরচ বাড়বে।
এ ছাড়া প্রস্তাবিত আইন অনুযায়ী হিসাববিদদের এফআরসির কাছ থেকে পুনরায় নিবন্ধন নেওয়ার বিধান গ্রহণযোগ্য নয় বলে মত দিয়েছে আইসিএবি।
আইসিএবি বলছে, যাঁরা নিরীক্ষা ও হিসাবসেবা গ্রহণকারী, তাঁরাই নিরীক্ষকদের বিচারকারী হবেন। যেমন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান এফআরসির সদস্য থাকবেন। যাঁরা নালিশকারী, তাঁরাই বিচার করবেন।
আইসিএবির সভাপতি আবদুস সালাম বলেন, আইসিএবি কাউন্সিল গঠনের কাঠামোতে পরিবর্তনসহ প্রয়োজনীয় সংশোধনী আনলে এফআরসি গঠনের প্রয়োজনীয়তা থাকবে না।