ফাইল গায়েবের আশঙ্কা কার্যালয়ে তালা!
কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের সহকারী সালজার হোসেনকে কক্ষ থেকে বের করে সেই কক্ষে তালা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান হাবীব। বিভিন্ন প্রকল্পের ফাইল গায়েব হতে পারে—এ আশঙ্কায় তালা দিয়েছেন বলে দাবি করেছেন ইউএনও।নাম প্রকাশ না করার শর্তে ঘটনার প্রত্যক্ষদর্শী একজন ইউপি সদস্য জানান, উপজেলা কমপ্লেক্সের এক ভবনেই ইউএনও ও পিআইওর কার্যালয়। পিআইওর কার্যালয়ের একই কক্ষে বসেন পিআইও ও ওই কার্যালয়ের সহকারী সালজার হোসেন। বৃহস্পতিবার বিকেল চারটার দিকে কক্ষে বসে কাজ করছিলেন সালজার হোসেন। এ সময় পিআইও কার্যালয় বন্ধ করবেন বলে তাঁকে অফিস থেকে বের হতে বলেন। কিন্তু তখনো অফিস সময় থাকায় সালজার বের হতে অস্বীকার করেন। একপর্যায়ে ইউএনও সালজারকে টেনে-হিঁচড়ে কক্ষ থেকে বের করে সেই কক্ষে তালা লাগিয়ে দেন। এরপর পিআইওর কক্ষে আরেকটি তালা মেরে দেন তিনি।পিআইও কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার তিনটি ইউনিয়নে টিআরের ৬৯টি প্রকল্পে ১১৪ টন, কাবিখার ২৬টি প্রকল্পে ৭৯ টন চাল ও অতি দরিদ্রদের জন্য ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচিতে ৬০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, এসব কাজে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ আছে। অফিস সহকারী সালজার হোসেন বলেন, ‘পিআইও স্যার টিআর, কাবিখা ও ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচির বিভিন্ন প্রকল্পের কাজের ৮০ ভাগ কাজ হয়েছে মর্মে প্রতিবেদন দিতে বলেন। কিন্তু আমি তা না দেওয়ায় স্যার আমার ওপর ক্ষিপ্ত হন। এ ছাড়া ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচির আওতায় ২০০ শ্রমিক কাজ করেছেন মর্মে একটি প্রতিবেদন দিতে বলেন। অথচ কোনো কাজ হয়নি, আমি এমন প্রতিবেদন দেব কীভাবে? এসব কারণে পিআইও স্যার আমাকে পাগল বলেন। অফিস থেকে বেরিয়ে যেতে বলেন। না যাওয়ায় টিএনও স্যার জোর করে আমাকে কক্ষ থেকে বের করে তালা দেন।’পিআইও সিরাজদ্দৌলা বলেন, ‘আগে ইউএনও স্যার তালা দিয়েছেন, তারপর আমি দিয়েছি। অফিস সহকারী সালজার হোসেনের মস্তিষ্কে গণ্ডগোল রয়েছে। চেয়ারম্যান-মেম্বারদের সঙ্গে খারাপ আচরণ করেন। এসব কারণে তাঁকে অফিস থেকে বের করে দেওয়া হয়েছে।’ইউএনও আহসান হাবিব বলেন, ‘পিআইও ও তাঁর অফিস সহকারীর মধ্যে ঝামেলা আছে। এতে সরকারি গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রকল্পের ফাইল গায়েব হতে পারে। এ আশঙ্কায় অফিসে তালা মারা হয়েছে।’