অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালার গেজেট প্রকাশের বিষয়ে আপিল বিভাগের কাছে গতকাল সোমবার আবারও সময়ের আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। এর পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা অ্যাটর্নি জেনারেলের উদ্দেশে বলেছেন, মনে হয় সুপ্রিম কোর্ট থেকে বঙ্গভবন বা গণভবনের দূরত্ব কয়েক লাখ কিলোমিটার। ফাইল চলাচলে সময় লাগে আড়াই বছর। এ বিষয়ে কয়েক দফা সময় নেওয়ার পর এর আগে সর্বশেষ গত ৪ এপ্রিল সময় চায় রাষ্ট্রপক্ষ। ওই দিন আপিল বিভাগ ৮ মে পর্যন্ত সময় দেন।
গতকাল ধার্য তারিখে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চে বিষয়টি আদেশের জন্য কার্যতালিকার ১ নম্বর ক্রমিকে ছিল। সকাল নয়টার দিকে আদালতের কার্যক্রম শুরু হয়। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম দুই সপ্তাহ সময় চেয়ে আবেদন দাখিল করেন। তখন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, ‘এটা কী? এখানে কোনো গেজেট দেখছি না। এটা তো সময়ের আবেদন।’
প্রধান বিচারপতি বলেন, ‘বলুন তো পৃথিবীর সবচেয়ে বড় শহর কোনটি?’ জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, টোকিও।
প্রধান বিচারপতি বলেন, ‘কেউ কেউ মনে করেন নিউইয়র্ক। টোকিও বা নিউইয়র্ক শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে কত ঘণ্টা সময় লাগে? আমার কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে বড় শহর ঢাকা; সুপ্রিম কোর্ট থেকে বঙ্গভবন ও গণভবনের দূরত্ব কয়েক লক্ষ কিলোমিটার। আড়াই বছরেও পাড়ি দেওয়া হয়নি। আড়াই হাজার বছরেও সম্ভব হবে না। আড়াই বছর ফাইল চলাচলে সময় লাগে।’
এরপর প্রধান বিচারপতি জানতে চান, ‘আপনি কী বলতে চাচ্ছেন?’ জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘সময় চাচ্ছি। আইনমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, দুই সপ্তাহ সময় লাগতে পারে।’
প্রধান বিচারপতি বলেন, ‘এক সপ্তাহ সময় দেওয়া হলো।’ তখন অ্যাটর্নি জেনারেল বলেন, ‘তাহলে আবার সময়ের জন্য দাঁড়াতে হবে।’ প্রধান বিচারপতি বলেন, ‘আপনার কাছে দুই সপ্তাহ, দুই মাস বা দুই বছর সবই এক। শব্দচয়নও একই।’
১৮ বছর আগে ১৯৯৯ সালের ২ ডিসেম্বর মাসদার হোসেন মামলার রায়ে অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশনা দেন আপিল বিভাগ। এরপর ২০১৫ সালের ৭ মে আইন মন্ত্রণালয় বিধিমালার একটি খসড়া তৈরি করে সুপ্রিম কোর্টে পাঠায়। আপিল বিভাগ ওই বিধিমালা সংশোধন করে খসড়াটি আইন মন্ত্রণালয়ে পাঠান। বিধিমালা গেজেট আকারে জারি করে তা দাখিল করতে গত বছরের ২৮ আগস্ট আইন মন্ত্রণালয়কে নির্দেশ দেন আপিল বিভাগ। এরপর রাষ্ট্রপক্ষ কয়েক দফা সময় নেয়। বিধিমালা গেজেট আকারে প্রকাশ না হওয়ায় আইন মন্ত্রণালয়ের দুই সচিবকে গত বছরের ১২ ডিসেম্বর আদালতে তলব করা হয়। ওই দিন আদালত গেজেট প্রকাশের জন্য ১৫ জানুয়ারি পর্যন্ত সময় দেন। এরপর দফায় দফায় রাষ্ট্রপক্ষ সময় নেয়।