ফাইল থেকে লাখ টাকার পে-অর্ডার গায়েব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার লালমোহন পৌরসভার একটি ফাইল থেকে পে-অর্ডার গায়েব করে দিয়ে এক লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে। ওই পৌরসভার সাবেক হিসাবরক্ষক আজিজুল ইসলাম এ ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় পে-অর্ডার দাখিলকারী সাংবাদিক আহাদ চৌধুরী ওরফে তুহিন লালমোহন পৌরসভার মেয়রের কাছে সম্প্রতি লিখিত অভিযোগ দিয়েছেন। একটি মার্কেটের দোকান বরাদ্দ পাওয়ার জন্য তিনি আবেদনপত্রের সঙ্গে এক লাখ টাকার ওই পে-অর্ডার জমা দেন।আহাদ চৌধুরী জানান, তিনি ২০১০ সালের ১৪ জুলাই এক লাখ টাকার পে-অর্ডারসহ (নং-৩৯১৬৬২৩, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, চরফ্যাশন শাখা) লালমোহন পৌরসভার মসজিদ সুপার মার্কেটে একটি দোকান বরাদ্দ পাওয়ার জন্য আবেদনপত্র জমা দেন। দোকান বরাদ্দ পাওয়ার জন্য চার লাখ টাকা দিতে হবে। এর মধ্যে এক লাখ টাকা অগ্রিম হিসেবে দেওয়া হয়েছে। মার্কেটের কাজ এখনো শেষ হয়নি।আহাদ চৌধুরী অভিযোগ করেন, এক মাস আগে তিনি দোকান বরাদ্দ পাওয়ার জন্য বাকি টাকা কখন জমা দিতে হবে জানতে পৌরসভার হিসাব শাখায় যান। সেখানে গিয়ে দেখেন, তাঁর আবেদনপত্রের ফাইল থেকে পে-অর্ডারটি উধাও হয়ে গেছে।পরে তিনি ন্যাশনাল ব্যাংকের চরফ্যাশন শাখায় খোঁজ নিয়ে জানতে পারেন, তাঁর দাখিল করা পে-অর্ডার রূপালী ব্যাংক লালমোহন শাখার মাধ্যমে ২০১০ সালের ২৯ আগস্ট ভাঙিয়ে নেওয়া (নগদায়ন) হয়েছে। পরে ওই টাকা পৌরসভার মেয়রের হিসাবে জমা হয়েছে। তিনি অনুসন্ধান করে জেনেছেন, পৌরসভার তৎকালীন হিসাবরক্ষক আজিজুল ইসলাম ওই পে-অর্ডারটি লালমোহন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের এক ব্যক্তির কাছে বিক্রি করে দিয়ে টাকা আত্মসাৎ করেছেন। অর্থাৎ তাঁর ওই পে-অর্ডার দিয়ে ওই ব্যক্তি পৌরসভার কাছে দোকান বরাদ্দ চেয়ে আবেদন করেছেন। আজিজুল কয়েক মাস আগে এখান থেকে বদলি হয়ে বরগুনা পৌরসভায় যোগ দিয়েছেন।আজিজুল ইসলাম জানান, লালমোহনের কিছু এখন তিনি বলতে পারবেন না।লালমোহন পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম জানান, আহাদ চৌধুরীর লিখিত আবেদন তিনি পেয়েছেন। বিষয়টি তিনি খতিয়ে দেখবেন।