ফাইলবন্দী সিরাজগঞ্জ এসিড নিয়ন্ত্রণ কমিটির সিদ্ধান্ত
জাতীয় এসিড নিয়ন্ত্রণ কাউন্সিল সিরাজগঞ্জ জেলা কমিটির সভার সিদ্ধান্তগুলো ফাইলবন্দী হয়ে পড়ে থাকছে। এসিড ক্রেতা-বিক্রেতাদের লাইসেন্সের মাধ্যমে নিয়ন্ত্রণে আনার কথা থাকলেও তা বাস্তবায়ন হচ্ছে না।এসিড নিয়ন্ত্রণ জেলা কমিটি সূত্রে জানা যায়, জেলায় এসিড বিক্রি ও ব্যবহার নিয়ন্ত্রণের লক্ষ্যে লাইসেন্সের আওতায় আনা, অবৈধ ব্যবহার ও বিক্রয়কারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা, এসিড মামলাগুলো তদারক করা, সচেতনতামূলক সভা-সমাবেশ করার কথা। দু-একটি ছাড়া অধিকাংশ সিদ্ধান্তই ফাইলবন্দী হয়ে পড়ে থাকছে। এ কারণে তাঁতপ্রধান এই জেলার বেলকুচি, শাহজাদপুর, উল্লাপাড়া উপজেলায় খোলাবাজারে এসিড কেনাবেচা হচ্ছে।জেলা প্রশাসনের বিচারিক শাখা ও বেসরকারি সংস্থা সার্পের দেওয়া তথ্যানুযায়ী, জেলায় এসিড ব্যবহারকারীর সংখ্যা প্রায় আট হাজার। আর বিক্রি করে প্রায় ৫০০ জন। ক্রেতা-বিক্রেতা মিলে মাত্র ৯২ জনের লাইসেন্স আছে। এসিড ব্যবহারকারীর জন্য সাত হাজার, বিক্রেতার জন্য পাঁচ হাজার টাকা সরকারি ফি নির্ধারণ করা হয়। ফি বেশি, তাই কেউ লাইসেন্স করতে উদ্বুদ্ধ হচ্ছে না।সিরাজগঞ্জ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার কার্যালয় এবং এসিড সারভাইভারস ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, ১৯৯৮ থেকে চলতি বছর পর্যন্ত জেলায় ১৬২ জন এসিড সহিংসতার শিকার হয়েছেন। বেসরকারি সংস্থা সার্পের এসিড সহিংসতা প্রতিরোধ প্রকল্পের কর্মকর্তা জেলা এসিড নিয়ন্ত্রণ কাউন্সিল কমিটির সদস্য স্বপ্না সেন বলেন, প্রশাসনের পক্ষ থেকে লাইসেন্সসহ বিভিন্ন বিষয়ে তদারকের কথা থাকলেও তাতে ঘাটতি রয়েছে। এ কারণে জেলায় এসিডের সহজলভ্যতা বেড়েছে।তিনি আরও বলেন, ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত সরকারি তহবিল থেকে পাওয়া এক লাখ ২৫ হাজার টাকা ১৮ জন এসিডদগ্ধের মধ্যে বরাদ্দ দেওয়া হয়েছে। বর্তমানে তহবিল শূন্য।জেলা জুয়েলার্স অ্যাসোসিয়ে-শনের সাধারণ সম্পাদক সন্তোষ চন্দ্র বলেন, ‘এসিডের লাইসেন্স পাওয়ার প্রক্রিয়াটি অত্যন্ত জটিল। এ ছাড়া অতিরিক্ত ফি তো আছেই। এ কারণে লাইসেন্স করতে আগ্রহ নেই অনেকের।’জেলা এসিড নিয়ন্ত্রণ কমিটির সভাপতি জেলা প্রশাসক আমিনুল ইসলাম জানান, প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য ম্যাজিস্ট্রেটদের নির্দেশ দেওয়া আছে।