ফাইলা পাগলার মেলায় বোমা হামলার অষ্টম বার্ষিকী আজ
টাঙ্গাইলের সখীপুর উপজেলার দাড়িয়াপুর পাহাড়ে ফাইলা পাগলার মেলায় বোমা হামলার অষ্টম বার্ষিকী আজ ১৮ জানুয়ারি। ২০০৩ সালের এই দিনে মেলা চলাকালে রাত নয়টার দিকে পরপর দুটি বোমা বিস্ফোরণে মাজারের খাদেম গনি মিয়াসহ সাতজন নিহত ও ১৫ জন আহত হয়। পরে জেএমবি ওই হামলার দায় স্বীকার করে।ওই বিস্ফোরণে পা হারানো শিশু রবিন, চোখ হারানো মোহাম্মদ আলী ও হাত হারানো শাহজাহান মাস্টার আট বছর পরও সেই রাতের দুঃসহ স্মৃতি ভুলতে পারেনি। এ বছর সাত দিনব্যাপী ফাইলা পাগলার মেলা গত শনিবার শুরু হয়েছে।বিস্ফোরণে আহত রবিনের মা রুবি আক্তার জানান, ‘ওই সময় চিকিৎসার জন্য রবিনের পেছনে প্রায় ৭০ হাজার টাকা ব্যয় হয়। তখন কেউ আমাদের পাশে দাঁড়ায়নি।’মাজারের পাশের বাড়ির মোহাম্মদ আলীর চোখের মধ্যে বোমার স্প্লিন্টার ঢুকে পড়ে। তাঁর দুই চোখই নষ্ট হয়ে গেছে। তাঁর স্বজনেরা জানান, কেউ তো সহযোগিতা করেইনি। উল্টো মোহাম্মদ আলীর বিরুদ্ধে মামলা করা হয়। মামলায় অনেক টাকা খরচ হয়েছে। পুরো পরিবার এখন নিঃস্ব।ওই বোমা হামলায় দাড়িয়াপুর এসএ উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শাহজাহান মাস্টারের একটি হাত উড়ে যায়। শাহজাহান মাস্টার জানান, তৎকালীন সাংসদ কাদের সিদ্দিকী চিকিৎসার জন্য তাঁকে কিছু টাকা দিয়েছিলেন। আর কিছু তিনি পাননি।বোমা হামলায় নিহত হন ওই মাজারের খাদেম আবদুল গনি মিয়া, তাঁর মেয়ের ঘরের নাতি সেলিম। নিহত গনি মিয়ার ছেলে মফিজ মিয়া বলেন, ‘ওই বোমা হামলায় আমাদের পরিবার খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে।’ফাইলা পাগলার মেলা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন ওরফে সানোয়ার মাস্টার প্রথম আলোকে বলেন, বোমা হামলার পর কয়েক বছর মেলা তেমন জমেনি। রাতে মেলা নিষিদ্ধ ছিল। পুলিশি পাহারায় মেলা হতো। এখন আবার মেলা জমে উঠেছে।সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, মেলায় পুলিশের টহল ও নিরাপত্তা জোরদার করা হয়েছে।