ফাও খেতে না দেওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ক্যানটিনের সহকারী পরিচালককে মারধর করেছেন ছাত্রলীগের কর্মীরা।গতকাল রোববার বেলা তিনটায় বিশ্ববিদ্যালয় ক্যানটিনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগের কর্মী সেতু, সোহানসহ আরও কয়েকজন বিশ্ববিদ্যালয় ক্যানটিনে গিয়ে কর্মচারীদের ফাও খাবার দিতে বলেন। ক্যানটিনের সহকারী পরিচালক আলতাফ উদ্দিন এভাবে খাবার দিতে অস্বীকৃতি জানালে তাঁকে ছাত্রলীগের কর্মীরা মারধর করেন। এর জের ধরে পরে আরও ১০-১৫ জন ছাত্রলীগ কর্মী ক্যানটিনে ফাও খায়।আলতাফ উদ্দিন অভিযোগ করেন, ‘তারা ফাও খাবার চাইছিল, দিতে না পারায় আমাকে কিল-ঘুষি মারতে থাকে।’ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সাইফুল ইসলাম আকন্দ বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। তবে ছাত্রলীগের নামে যারা ক্যানটিনে ফাও খায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামাল উদ্দিন আহমেদ বলেন, তিনি এ ব্যাপারে কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।