ফাগুনের দিনে ভাষার জয়গান
ফাগুনের হালকা হাওয়ায় ঝরছিল গাছের পাতাগুলো। আর আনন্দে ভাসছিল শিক্ষার্থীরা। গতকাল শনিবার সকালে কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ চত্বরে ভাষা নিয়ে দিন কাটাল আগামী দিনের ভাষাবিদেরা।এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ-২০১২-এর কুষ্টিয়া অঞ্চলের প্রতিযোগে কুষ্টিয়াসহ সাত জেলার শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৮০০ শিক্ষার্থী অংশ নিল।সকাল নয়টার মধ্যে কলেজ চত্বর শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে ওঠে। ১০টার দিকে কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের অধ্যাপক মুহা. জমির উদ্দীন জাতীয় পতাকা উত্তোলনের পর প্রতিযোগের উদ্বোধন ঘোষণা করেন। এ সময় একই কলেজের কয়েকজন শিক্ষার্থী জাতীয় সংগীত পরিবেশন করেন। ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সৈয়দ আজিজুল হক।উদ্বোধনী ঘোষণায় মুহা. জমির উদ্দীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমরাই পারো বিশ্বের কাছে বাংলা ভাষাকে তুলে ধরতে।’ এ সময় উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাবিব রহমান, সাইদুর রহমান, ইয়াসমিন আরা সাথী, সাবিনা ইয়াসমিন, ঝিনাইদহ ক্যাডেট কলেজের সাইফুল ইসলাম এবং আমলা সরকারি কলেজের শিক্ষক মাসুদ রহমান। উদ্বোধনী পর্ব শেষে ৩০ মিনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।পরীক্ষা শেষে দ্বিতীয় পর্বের অনুষ্ঠান সঞ্চালনায় আসেন প্রথম আলোর সহকারী সম্পাদক অরুণ বসু। মজার কথা আর হাসিতে তিনি খুদে ভাষাবিদদের মন মাতিয়ে তোলেন। তিনি কবি নজরুলের বিদ্রোহী কবিতা আবৃত্তি করে শোনান। ভাষা আন্দোলনের ৬০ বছরের নির্যাস তুলে ধরেন গাংনী কলেজের বাংলার শিক্ষক রফিকুর রশীদ। অনুষ্ঠানে এইচএসবিসি ব্যাংকের কর্মকর্তা আরিফুর রহমান বলেন, ‘শিক্ষার্থীদের যে উপস্থিতি ও ভাষার প্রতি যে আগ্রহ দেখছি, আশা করি ভবিষ্যতে তা বিদ্যমান থাকবে।’আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন বাংলা সনের তারিখ না বলে ইংরেজি বছরের তারিখ বলা হয়? বঙ্গ ছিল, পরে বাংলা হলো কেন? এ রকম নানা প্রশ্নের ব্যাখ্যা করে বুঝিয়ে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৌমিত্র শেখর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক খালেদ হোসাইন, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের হাবিব রহমান। আর ভালো প্রশ্নের জন্য ছিল বই উপহার।এরপর কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষের হাতে ভেন্যু স্মারক তুলে দেন অধ্যাপক সৈয়দ আজিজুল হক। বক্তব্যের পর মঞ্চে আসেন ক্লোজআপ তারকা সাব্বির। তিনটি গান গেয়ে শোনান তিনি।পুরস্কার বিতরণ পর্বে শিক্ষার্থীদের নাম ঘোষণা করেন কাজল রশীদ। প্রাথমিক বিভাগে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে আলিফ সানজানা, শামসুর নাহার ও প্রজ্ঞা পারমিতা মৃত্তিকা। নিম্নমাধ্যমিকে সুদীপ সেন, নাঈমা নাজমীন ও তানজিমা খানম প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়। মাধ্যমিকে রাদ শারা শুভ্র, ফারজানা সুলতানা সেফা, জান্নাতুল ফেরদৌস আর উচ্চমাধ্যমিকে জান্নাতুল, সিচদাদ আলী, সোহেল রানা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করে। সেরাদের সেরা হয় ফরিদপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী আলিফ সানজানা। কুষ্টিয়া বন্ধুসভার সদস্যরা অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন।