
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার প্রথমে ঢুকে পড়েন বাংলা একাডেমি চত্বরে। আধঘণ্টা ঘুরেছেন। প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত উৎপল শুভ্রর লেখা শচীন রূপকথা বইটি খুঁজছিলেন তিনি। সন্ধ্যায় সোহরাওয়ার্দী উদ্যানে স্টলটির সন্ধান পেলেন। হাবিবুল বাশার বললেন, ‘আমার জানা ছিল না একুশে মেলার মূল আয়োজন এখানে হচ্ছে। একজন আমাকে ভুল তথ্য দিয়েছে।’ তাঁকে ঘিরে ততক্ষণে জমে উঠেছে ভক্তদের ভিড়।
গতকাল ছিল মেলার নবম দিন। তবে মেলা নিয়ে বিভ্রাট এখনো কাটেনি। প্রকাশকদের দীর্ঘদিনের দাবি ছিল মেলার পরিসর বাড়িয়ে একাডেমি চত্বরের বাইরে নেওয়ার। একটি অংশ নেওয়া হলো সোহরাওয়ার্দী উদ্যানে। কিন্তু অভ্যাসবশত বেশির ভাগ পাঠক, ক্রেতা ঢুকে পড়ছেন বাংলা একাডেমি চত্বরে। সেখানে মেলার আয়োজন থাকলেও মূল প্রকাশকদের অংশগ্রহণ নেই। কিন্তু টিএসসি চত্বর কিংবা দোয়েল চত্বরে কোনো দিকনির্দেশনা না থাকার কারণে মানুষ বিভ্রান্ত হচ্ছেন। লেখক মোহিত কামালের সঙ্গে কথা হলো বিদ্যাপ্রকাশের স্টলের সামনে। বললেন, মানুষের মনের ভেতর গ্রন্থমেলার একটি নির্ধারিত স্থান গেঁথে গেছে। এ অভ্যাস পরিবর্তন হতে আরও এক-দুটি বছর লাগতে পারে। মেলা কমিটির সদস্যসচিব একাডেমির পরিচালক সাহিদা খাতুন দাবি করলেন, ‘মেলার প্রবেশপথে দিকনির্দেশনার কোনো ঘাটতি নেই। আমার মনে হয়, আবেগের তাড়নায় মানুষ প্রথমে বাংলা একাডেমি চত্বরে ঢুকছেন।’
শীত চলে যাচ্ছে। বাতাসে ফাগুনের গন্ধ। সময় প্রকাশনের সম্পাদক ফরিদ আহমেদ তাই বললেন, ‘এ সপ্তাহটা মেলার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা, পয়লা ফাগুন, ভালোবাসা দিবসের আয়োজন রয়েছে এ সপ্তাহে। এ সপ্তাহে বিক্রি ক্রমান্বয়ে বাড়বে বলে আশা করছি আমরা।’ সময় থেকে এবার মেলায় এসেছে ১৯৭১ সালে ব্যক্তিগত ডায়েরির ধরনের লেখা হুমায়ূন আহমেদের অপ্রকাশিত পাণ্ডুলিপি একাত্তর এবং আমার বাবা।
ভাষাসৈনিক আহমদ রফিক গতকালই প্রথম মেলায় এলেন। উদ্যানে মেলার আয়োজন নিয়ে তিনি বললেন, ‘এটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। কিন্তু আরও সময় নিয়ে ছিমছাম গোছানো মেলা করা যেত। অনেকটা পথ হেঁটে মেলায় ঢুকতে হয়। এ ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠটিও বিবেচনায় আনা যেত।’
মোড়ক উন্মোচন ও নতুন বই
মেলায় নতুন বইয়ের প্রকাশনা দিনে দিনে বাড়ছে। বিকেল থেকেই নজরুল মঞ্চে মোড়ক উন্মোচনের দৌড়ঝাঁপ দেখা যায়। চারপাশে আওয়াজে তেমন কিছু না শোনা গেলেও নজরুল মঞ্চে নতুন বইয়ের মোড়ক উন্মোচন চলছিলই।
গতকাল মেলার নজরুল মঞ্চে উন্মোচিত হয়েছে ১৬টি নতুন বইয়ের মোড়ক। এর মধ্যে বিকেলে জনান্তিক থেকে প্রকাশিত কমরেড আবদুশ শহীদের কারাস্মৃতি গ্রন্থের মোড়ক উন্মোচন করেন প্রবীণ সাংবাদিক কামাল লোহানী। তরুণ সাংবাদিক ইন্দ্রজিৎ সরকারের কিশোর উপন্যাস দস্যুর জঙ্গলে তোতন বইটির মোড়ক উন্মোচন করেন মুস্তাফিজ শফি। শুভ্র প্রকাশ থেকে প্রকাশিত হয়েছে বইটি।
একাডেমির তথ্যকেন্দ্র থেকে জানানো হয়েছে, মেলার নবম দিনে ৭৮টি নতুন বই এসেছে। এর মধ্যে কবিতা ও উপন্যাস ১৬টি করে মোট ৩২টি, গল্প ১৪টি, প্রবন্ধ পাঁচটি, ধর্মীয় ও সায়েন্স ফিকশন চারটি করে মোট আটটি, জীবনী তিনটি, মুক্তিযুদ্ধ দুটি অন্যতম।
মেলায় প্রথমা প্রকাশন এনেছে প্রয়াত লেখক আবদুল মান্নান সৈয়দের মানিক বন্দ্যোপাধ্যায় অন্তর্বাস্তবতা বহির্বাস্তবতা বইটি। মানিক বন্দ্যোপাধ্যায়ের সমগ্র সাহিত্যকর্মের একটি পূর্ণাঙ্গ মূল্যায়ন মানিক বন্দ্যোপাধ্যায় অন্তর্বাস্তবতা বহির্বাস্তবতা বইটি। নবযুগ এনেছে সন্জীদা খাতুনের সহজ কঠিন দ্বন্দ্বে ছন্দে, নবরাগ এনেছে সিরাজুল ইসলাম চৌধুরীর দরজাটা খোলো, পাঠসূত্র এনেছে শেখর দেবের প্রত্নচর্চার পাঠশালা, চারুলিপি প্রকাশন এনেছে আশফাকুল স্নিগ্ধর কোন পথে যাব আমি, আগামী এনেছে মিনার মনসুরের দ্রোহের কবিতা, অনন্যা এনেছে ইমদাদুল হক মিলনের পাঁচ মেয়ে কাহিনি, মোস্তফা কামালের ফটকু মামাসমগ্র, ইত্যাদি।
ওস্তাদ মোমতাজ আলী খান নিয়ে আলোচনা
বিকেলে গ্রন্থমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হয় ওস্তাদ মোমতাজ আলী খান শীর্ষক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ। সভাপতিত্ব করেন কবি আসাদ চৌধুরী। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে সাংস্কৃতিক সংগঠন ‘ওস্তাদ মোমতাজ আলী খান সংগীত একাডেমী’। একক সংগীত পরিবেশন করেন বিশিষ্ট শিল্পীরা।