
পয়লা ফাল্গুনে প্রথম আলোর ফেসবুক পেজ আয়োজিত ‘ফাগুনের সাজ’ প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করে তাঁদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে।
আজ শনিবার বিকেল চারটার দিকে কারওয়ান বাজারে প্রথম আলো ভবনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক আনিসুল হক, বিশিষ্ট আলোকচিত্রী পাভেল রহমান ও প্রথম আলোর যুব কর্মসূচির সমন্বয়ক মুনির হাসান।
ফাগুনের সাজ প্রতিযোগিতায় প্রথম হয়েছেন শেখ বেলী, মুমু অনন্যা রোজারিও ও রোমায়লা সায়মা শ্রেয়া। এ প্রতিযোগিতায় যিনি দ্বিতীয় হয়েছেন তাঁর সঙ্গে অনেক চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। আর তৃতীয় হয়েছেন সুলতানা মাহিন ও ইমরান হোসেন।
প্রথম ও তৃতীয় বিজয়ীকে পুরস্কার হিসেবে রূপসী বাংলা হোটেলে নৈশভোজের কুপন দেওয়া হয়। এ ছাড়া প্রথম আলোর পক্ষ থেকে শুভেচ্ছা উপহারও দেওয়া হয় তাঁদের।
প্রথম আলোর মঙ্গলবারের ক্রোড়পত্র ‘নকশা’য় পুরস্কারপ্রাপ্ত ছবি তিনটি প্রকাশিত হবে।
প্রতিযোগিতায় এবারের পয়লা ফাল্গুনে তোলা একক বা যুগল ছবি প্রথম আলোর ফেসবুক পেজে ( www.facebook.com/DailyProthomAlo ) প্রতিযোগীরা নিজেই ছবি আপলোড করেন। ছবিতে যাঁরা ছিলেন, তাঁদের অনুমতি সাপেক্ষে ছবি আপলোড করা হয়। ২ ফাল্গুন (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকে ৩ ফাল্গুন (১৫ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটা পর্যন্ত ছবি ফেসবুকে দেওয়া হয়। জমা পড়া পাঁচ শতাধিক ছবি থেকে প্রাথমিক বাছাই করা ৪০টি ছবি ফেসবুক পেজে অ্যালবাম আকারে ও প্রথম আলো অনলাইনে ( www.prothom-alo.com ) বিশেষ গ্যালারিতে স্থান পায়। ওই ৪০টি ছবির মধ্যে পছন্দের ছবিতে ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি বিকেল পাঁচটা পর্যন্ত লাইক দেওয়ার শেষ নির্ধারণ করা হয়। প্রাপ্ত লাইকের ভিত্তিতে তিনজনকে বিজয়ী নির্ধারণ করা হয়। প্রথম বিজয়ী পান এক হাজার ১১০ লাইক ও তৃতীয় বিজয়ী পান ৯৮১টি লাইক।