ফাগুয়া উৎসবে মাতোয়ারা চা-বাগান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথায় আছে, বারো মাসে তেরো পার্বনণ। এই পার্বণগুলোতে বাঁধভাঙা আনন্দে মেতে ওঠেন চা-বাগানের শ্রমিকেরা। আর হোলি খেলা বা রং উৎসবকে বলা যায় স্বল্প আয়ের চা-শ্রমিকদের সবচেয়ে বড় অনুষ্ঠান। প্রতিবারের মতো কমলগঞ্জে এবারও এই উৎসব আনন্দময় করে তুলতে আয়োজন করা হয়েছে পাঁচ দিনব্যাপী দোল পূর্ণিমা বা ‘ফাগুয়া’ উৎসবের। কমলগঞ্জ ফাঁড়িসহ ২২টি চা-বাগানের প্রতিটিতেই শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যরা এ উৎসব পালন করছে। বাংলা মাস ফাল্গুন থেকে চা-বাগানে চলে আসছে এই ‘ফাগুয়া’ উৎসব। কয়েকটি ভাগে ভাগ করা এই উৎসবের প্রথম দিনে গত মঙ্গলবার কাঠখড়- ওলাকড়ি দিয়ে নির্মিত ঘর পুড়িয়ে উৎসবের শুরু হয়। পরদিন চলে কাদা খেলা। গত বৃহস্পতিবার থেকে চলছে রং খেলা বা হোলি। উৎসবের মূল আয়োজনের শুরু হোলি বা রং খেলা থেকেই। বৃহস্পতিবার বেলা তিনটায় আলীনগর চা-বাগানে গিয়ে দেখা যায়, এ উৎসবে পুরো চা-বাগান এলাকা নানা রঙে রঙিন হয়ে উঠেছে। চিরসবুজ এলাকায় ছড়িয়ে আছে লাল, নীল, হলুদ, কালো, সবুজসহ নানা রং। একে অন্যকে রাঙিয়ে দিচ্ছে নানা রঙে। এর পাশাপাশি চলছে কাঠিনৃত্য বা কাঠি খেলা। বর্ণিল রং মেখে কীর্তন করে প্রতিটি চা-শ্রমিকের ঘরে গিয়ে কাঠিনৃত্য আর রং উৎসবের গান গেয়ে ঘুরে বেড়াচ্ছেন কয়েকজন। পরিবারের লোকজন বিনিময়ে তাঁদের হাতে তুলে দিচ্ছেন দক্ষিণা।আজ শনিবার পাঁচ দিনব্যাপী এই দোল উৎসব শেষ হবে। ছুটি শেষে কঠোর পরিশ্রমী শ্রমিকেরা আবার যোগ দেবেন কাজে।