কুষ্টিয়া মেডিকেল কলেজের একটি ছাত্রীনিবাসের (হোস্টেল) একটি কক্ষে ফাটল দেখা দিয়েছে। আতঙ্কে গতকাল মঙ্গলবার ছাত্রীনিবাস ত্যাগ করেছেন তৃতীয় ও চতুর্থ বর্ষের ৩০ জন।
এর আগে সকালে রিফাত হোস্টেল নামে ওই ছাত্রীনিবাসটি পরিদর্শন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সার্জারি বিভাগের প্রধান এস এম মুসতানজীদসহ ১২ জন শিক্ষক ও জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শহীদ মো. কবীর।
এস এম মুসতানজীদ বিকেলে প্রথম আলোকে বলেন, ভবনটি অনেক পুরোনো। তৃতীয় তলায় কিছু পলেস্তারা খসে পড়েছে। হালকা চিড় দেখা গেছে। তবে সেটা আগের না-কি ভূমিকম্পে হয়েছে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। এ বিষয়ে গণপূর্ত বিভাগের প্রকৌশলীকে লিখিতভাবে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
মুসতানজীদ আরও বলেন, ছাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এ জন্য তৃতীয় ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের সাময়িক (৫ মে পর্যন্ত) ছুটি দেওয়া হয়েছে। আগামী ৬ মে তাঁদের পরীক্ষা নেওয়া হবে।
গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শহীদ মো. কবীর বলেন, ১৯৬৪ সালে গণপূর্ত বিভাগের কর্মকর্তাদের থাকার জন্য ভবনটি তৈরি করা হয়েছিল। ২০১১ সাল থেকে এটি মেডিকেল কলেজের ছাত্রীনিবাস হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ভূমিকম্পে ভবনের পলেস্তারা খসে পড়তে পারে। তবে এটি ঝুঁকিপূর্ণ নয়। পলেস্তারা মেরামতের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কুষ্টিয়া মেডিকেল কলেজের চার বর্ষের শিক্ষার্থীদের মধ্যে ছাত্রদের দুটি ও ছাত্রীদের জন্য চারটি হোস্টেল রয়েছে। এর মধ্যে গণপূর্ত বিভাগের নির্মাণ করা ৬০ বছরের ওই পুরোনো ভবনে রিফাত ও রহিমা-আফছার নামে ছাত্রীদের দুটি ও মিলন নামে ছাত্রদের একটি হোস্টেলরয়েছে।
গতকাল বিকেলে রিফাত হোস্টেলে গিয়ে জানা যায়, হোস্টেলের তৃতীয় ও চতুর্থ বর্ষের ৩০ জন ছাত্রী ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় নিজেদের গ্রামের বাড়িতে চলে গেছেন। প্রথম ও দ্বিতীয় বর্ষের ২৩ জন ছাত্রী এখনো সেখানে আছেন। পারমিতা জামান নামের দ্বিতীয় বর্ষের এক ছাত্রী বলেন, সোমবার রাত দেড়টার দিকে তৃতীয় তলার একটি কক্ষের পলেস্তারা খসে পড়ার খবর ছড়িয়ে পড়ে। এতে ছাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। যোগাযোগ করা হলে হোস্টেল ছেড়ে যাওয়া চতুর্থ বর্ষের নুসরাত আলভী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ভূমিকম্পের সময় পুরোনো হোস্টেল ভবনটি দুলতে থাকে। ওই ভবনে থাকতে ভয় করে। তাই বাড়ি চলে যাচ্ছি।’
মেডিকেল কলেজের হিসাবরক্ষক রাজিব হাসান বলেন, সোমবার গভীর রাতে হোস্টেলের ছাত্রীরা বের হয়ে ক্যানটিনে বসে থাকেন। আতঙ্কে গতকাল দুপুরের মধ্যে ছাত্রীরা হল ছেড়ে বাড়ি চলে গেছেন।