ফাটল দেখার পর জয়পুরহাটে নিউমার্কেট সিলগালা
জয়পুরহাট শহরের নিউমার্কেট ভবনের বিভিন্ন পিলারে ও ছাদে ফাটল দেখা দেওয়ায় জেলা প্রশাসন মার্কেটটি সিলগালা করে দিয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মার্কেটের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। ফাটল দেখা দেওয়ায় মার্কেটের শ্রমিকেরা পৌরসভায় গিয়ে মৌখিকভাবে অভিযোগ দিলে পৌর কর্তৃপক্ষ জেলা প্রশাসনকে জানায়। এরপর প্রশাসনের পক্ষ থেকে মার্কেটের প্রধান ফটক সিলগালা করে বন্ধ করে দেয়। জয়পুরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনুপম বড়ুয়া প্রথম আলোকে জানান, ওই মার্কেটে শ্রমিকদের মৌখিক অভিযোগের ভিত্তিতে মার্কেট পরিদর্শন করে সাত সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি দ্রুত নিউমার্কেট ভবনগুলো পরীক্ষা-নিরীক্ষা করে এ ভবনগুলো ঝুঁকিপূর্ণ না নিরাপদ, সে বিষয়ে জেলা প্রশাসক বরাবর তদন্ত প্রতিবেদন দাখিল করবে। নিউমার্কেটের একাংশের মালিক আবদুর রহমান দাবি করেন, তাঁর অংশে ১৯৮৫-৮৬ সালে চারতলা ভবন নির্মাণ করার জন্য পৌরসভা থেকে অনুমোদন নেওয়া হয়। তিনি আরও দাবি করেন, ওই ভবনগুলোর ভিত সাততলা করা যাবে, এমন মজবুত করে ভিত দিয়েছেন।