ফাটল ধরা পিলারের ওপর নতুন ডেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর আত্রাই উপজেলার কচুয়া এলাকায় সম্প্রতি পুরোনো ও ফাটল ধরা পিলারের ওপর নতুন করে ডেক (ওপরের অংশ) নির্মাণ করা হয়েছে l ছবি: প্রথম আলো
নওগাঁর আত্রাই উপজেলার কচুয়া এলাকায় সম্প্রতি পুরোনো ও ফাটল ধরা পিলারের ওপর নতুন করে ডেক (ওপরের অংশ) নির্মাণ করা হয়েছে l ছবি: প্রথম আলো

নওগাঁর আত্রাই উপজেলার কচুয়া এলাকায় সম্প্রতি একটি সেতুর সংস্কার করা হয়েছে। তবে এলাকাবাসীর অভিযোগ, পুরোনো ও ফাটল ধরা পিলারের ওপর নতুন করে ডেক (ওপরের অংশ বা গাড়ি ও মানুষের চলাচলের অংশ) নির্মাণ করা হয়েছে। ওই সেতু দিয়ে পণ্যবোঝাই যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা কার্যালয় সূত্রে জানা যায়, আত্রাই-পতিসর পাকা সড়কের কচুয়া গ্রামের রাস্তার প্রবেশমুখে প্রায় তিন দশক আগে একটি সেতু নির্মাণ করা হয়। কয়েক বছর ধরে সেতুর রেলিং ও পাটাতন ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এ ছাড়া পিলারে ফাটল ধরে। কয়েক মাস আগে সেতুটি সংস্কারের জন্য তিন লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। সপ্তাহ খানেক আগে এর সংস্কারকাজ শেষ হয়েছে। ফাটল ধরা পিলারের ওপর কংক্রিটের ডেক নির্মাণ করা হয়েছে।
উপজেলার জালুপৌঁতা গ্রামের ব্যবসায়ী ফণী ভূষণ প্রামাণিক বলেন, ‘জালুপৌঁতা, কচুয়া গ্রামসহ কয়েকটি গ্রামের মানুষের চলাচলের একমাত্র ভরসা এই সড়ক। জেলা ও উপজেলাসহ যেকোনো স্থানের সঙ্গে যোগাযোগের জন্য আমাদের এ রাস্তা ব্যবহার করতে হয়। বিশেষ করে বোরো ও আমন মৌসুমে ধানবোঝাই ট্রাক, ট্রলি, ভ্যানসহ বিভিন্ন ধরনের যানবাহন এ সেতুর ওপর দিয়ে চলাচল করে। ভাঙা ও ফাটল ধরা পিলারের ওপর নতুন করে সেতু নির্মাণ করায় আমরা সবাই আতঙ্কে আছি। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।’ সেতুটি ভেঙে পড়লে পণ্য পরিবহনে মারাত্মক সমস্যা হবে। নতুন করে সেতুটি নির্মাণের দাবি জানান তিনি।
এ ব্যাপারে এলজিইডির উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন বলেন, সেতুটির ডেকের অংশটি খুব ঝুঁকিপূর্ণ ছিল। তাই আপাতত কয়েক বছর চলার জন্য পাটাতন নতুন করে ঢালাই দেওয়া হয়েছে। অন্তত দুই বছরের মধ্যে দুর্ঘটনার আশঙ্কা নেই। এর মধ্যে প্রয়োজনীয় বরাদ্দ পেলে সেখানে নতুন করে সেতু নির্মাণ করা হবে।