ফাটল নিয়ে চলছে ফেরি, দুর্ঘটনার শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের জিয়ানগর ও ভান্ডারিয়ার মধ্যবর্তী কচা নদীতে ঝুঁকি নিয়ে ফেরি চলাচল করছে। বেশ কয়েকটি ফাটল দিয়ে ফেরিতে পানি ঢোকে। এ কারণে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বরগুনার পাথরঘাটা থেকে সড়কপথে পিরোজপুর হয়ে ঢাকায় আসা-যাওয়া করতে ওই নদী পার হতে হয়। ফেরির সুপারভাইজার মনির জানান, ফেরিতে কয়েকটি ফাটল রয়েছে। এসব ফাটল দিয়ে পানি ঢোকে। এই পানি সেচে তবেই ফেরি চালাতে হয়। চালক ওয়াদুদ জানান, ফেরির দুটি ইঞ্জিনের একটি প্রায়ই বিকল থাকে। এ ছাড়া কন্ট্রোল প্যানেল ঠিকমতো কাজ করে না।গত শনিবার পিরোজপুরের জিয়ানগর উপজেলার টগরা প্রান্ত থেকে সকাল নয়টা ২০ মিনিটে ফেরি ছাড়ার পর তা ভান্ডারিয়ার চরখালী পৌঁছাতে প্রায় পৌনে এক ঘণ্টা সময় লাগে। অথচ ওই নদী পার হতে আট-দশ মিনিট লাগার কথা। পিরোজপুর-মঠবাড়িয়া সড়কে চলাচলকারী লিলি বাসের চালক পান্না বলেন, ‘টগরা ঘাট থেকে ফেরিতে ওঠার পর নদীর অপর পারে পৌঁছাতে এক ঘণ্টা লেগে যায়। এ কারণে মঠবাড়িয়া পৌঁছাতে অনেক দেরি হয়’ফেরির ইজারাদারের প্রতিনিধি জসিম উদ্দিন খলিফা বলেন, ‘একটি ভালো ফেরিতে ৮ মিনিটে কচা নদী পার হওয়া যায়, কিন্তু ফেরি খারাপ থাকার কারণে অনেক সময় নদী পার হতে এক ঘণ্টাও লেগে যায়। এ কারণে ফেরি চালাতে আমাদের অনেক তেল খরচ হয়। যাত্রীরা ভোগান্তির শিকার হয়ে আমাদের গালমন্দ করে।’পিরোজপুর সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী শামিম আহসান জানান, কচা নদীতে চলাচলকারী ফেরির বিভিন্ন জায়গায় ফাটল রয়েছে, পন্টুনের অবস্থা খারাপ। এ ফেরি দেখভালের দায়িত্ব বরিশাল ফেরি বিভাগের। ফেরির এ সমস্যা নিয়ে একাধিকবার তাঁদের চিঠি দেওয়া হয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। তিনি আরও জানান, বড় কোনো দুর্ঘটনা ঘটলে তবেই হয়তো তাদের টনক নড়বে।ফেরি বিভাগ বরিশাল কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী আনোয়ার হোসেন জানান, ফেরিটি অনেক দিনের পুরোনো। এর ধারণক্ষমতা ১৫ থেকে ২০ টন। কিন্তু রাতে ফেরিতে রডবোঝাই যে ট্রাক ওঠে, তার একেকটির ওজন ২৫ থেকে ৩০ টন। তিনি বলেন, ‘আমি এখানে একটি নতুন ফেরি দেওয়ার চেষ্টা চালাচ্ছি।’পিরোজপুর-১ আসনের সাংসদ এ কে এম এ আউয়াল বলেন, ‘ওই ফেরির দুরবস্থার কথা আমিও শুনেছি। যাত্রীদের দুর্ভোগ লাঘবে সেখানে একটি নতুন ফেরি দেওয়ার চেষ্টা চালাচ্ছি।’