ফাটা পাইপ মেরামত, স্বস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার জিন্দাবাহার, কসাইটুলিতে ছয় মাস ধরে পানিতে যে ময়লা-দুর্গন্ধ আসছিল, গতকাল তার কিছুটা অবসান হয়েছে। সেখানে মাটির নিচে পানির পাইপ ফেটে পয়োলাইনের সঙ্গে মিশে গিয়েছিল। এ ছাড়া ফাটা পথে রাস্তায় শুষ্ক মৌসুমেও পানি জমে থাকত। এমনকি দোকানপাটেও নোংরা পানি ঢুকে যেত।
গতকাল সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা ওয়াসার কর্মকর্তারা শ্রমিকদের সাহায্যে রাস্তার মাটি কেটে পানির লাইনের ফাটা অংশ খুঁজে বের করেন। এলাকার মূল সড়কে জাহাঙ্গীর ব্রাইড স্টোরের কাছে মাটির নিচে পাওয়া যায় ফাটা পাইপ। পরে তা মেরামত করা হয়।
এলাকাবাসী জানান, বৃষ্টি না হলেও এই ফাটা পাইপের পানিতে রাস্তা সয়লাব হয়ে যেত। দুর্গন্ধে চলাচলই ছিল কষ্টকর। জিন্দাবাহারের কাগজের দোকানগুলোয় বাইরে রাখা কাগজ পর্যন্ত ভিজে যেত। গত পরশুও সাহাদাত স্টোর, জাহাঙ্গীর ব্রাইডসহ পাশের দোকানগুলোয় এ অবস্থা হয়েছে। প্রায় ছয় মাস এলাকাবাসী যাতায়াতের কষ্ট করেছে।
এই লাইনের কারেণ খাওয়ার পানি ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছিল। জিন্দাবাহার দ্বিতীয় গলির ৯/৩ নম্বর বাড়ির বাসিন্দা ইয়াকুব রিয়াজ বলেন, প্রতিটি বাড়ির মানুষ গত কয়েক মাস চরম কষ্ট করেছেন। ওয়াসার পানি সেদ্ধ করলে ময়লা ফেনায় ভরে যেত। সে পানিতে গোসল করা বা বাসন মাজতেও খারাপ লাগত।
ইয়াকুব রিয়াজ ছাড়াও কয়েকজন বাসিন্দা জানান, গতকাল সকালে পাইপ মেরামত করার পর দুপুরের দিকে কলের পানি কিছুটা ভালো মনে হচ্ছিল। পুরোপুরি ভালো হবে কি না, তা নিয়ে অবশ্য এখনো তাঁরা চিন্তামুক্ত নন।
খোঁজ নিয়ে জানা যায়, চাঁদনীঘাটে বুড়িগঙ্গার পানি পরিশোধিত হলেও দুর্গন্ধযুক্ত পানি প্রথমেই যেসব এলাকায় সরবরাহ হয়, তার মধ্যে অন্যতম হচ্ছে জিন্দাবাহার ও আশপাশের এলাকা। তার ওপর যোগ হয়েছিল ফাটা পাইপের পানি।
জিন্দাবাহার, কসাইটুলিসহ আশপাশের এলাকা পড়েছে ঢাকা ওয়াসার অঞ্চল ২-এ । যোগাযোগ করা হলে আঞ্চলিক নির্বাহী প্রকৌশলী সুজাবত আলী তালুকদার গত রাতে প্রথম আলোকে বলেন, সমস্যাটি পুরোনো হলেও ঠিক কোথায় পাইপ ফেটেছে, তা শনাক্ত করা সম্ভব হচ্ছিল না। এবার খুঁজে পাওয়ায় পাইপ মেরামত করা হয়েছে। তিনি জানান, এ ধরনের সমস্যা হলে ১৬১৬২ নম্বরে ফোন করলে ওয়াসা সমস্যা সমাধানের উদ্যোগ নেবে।