ফাতেমা এখন কেমন আছেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই শিশুকে নিয়ে ফাতেমা বেগম। তাঁর বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়ায়।
দুই শিশুকে নিয়ে ফাতেমা বেগম। তাঁর বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়ায়।

সন্ধ্যার অন্ধকার তখনো জেঁকে বসেনি। অবরুদ্ধ ঢাকায় যে দু-একটি ব্যক্তিগত বাহন চলছিল, তার কোনো কোনোটার হেডলাইট জ্বলে উঠছে মাত্র। ৩০ মার্চের সেই সময়টায় রাজধানীর পান্থপথের সার্ক ফোয়ারা থেকে ফুটপাত ধরে আমার গন্তব্য ছিল বিএফডিসিরি দিকে।
প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সীমানা পেরিয়ে টিসিবি ভবনের উল্টো পাশে উড়ালসড়ক যেখানে মিশেছে সমতল সড়কে, তারই পাশের উঁচু ফুটপাতে দেখি পা দুলিয়ে বসে আছেন এক নারী। অবয়বে অসহায়ত্বের ছাপ দূর থেকে স্পষ্ট। পাশে বসা শিশুটি ইতিউতি তাকাচ্ছে। এই দুজনের সামনে লোহার বিভাজকের শিকল পাঁচ তারকা হোটেলে যাওয়ার পথ আলাদা করেছে। সেই শিকলে বসে চলন্ত গাড়ির দিকে হাত বাড়িয়ে সাহায্য চাচ্ছিল আরেক শিশু। হঠাৎ আসা গাড়ি থামত না বলে স্বপ্নভঙ্গের হতাশায় ছুটে আসছিল ফুটপাতে বসা নারীর কাছে।
ওদের কাছাকাছি হতেই উল্টো পথে সাঁই করে চলে এল একটি মোটরসাইকেল। চালকের পেছনে বসা লোকটি পলিথিনে মোড়ানো একটা পোঁটলা তুলে দিলেন নারীর হাতে। ঘটনার আকস্মিকতায় তিনি যেন হকচকিয়ে গেলেন। পোঁটলাটা হাতে তুলে দিয়েই গতি বাড়িয়ে মোটরবাইক চলে গেল এফডিসির দিকে। দৈব্যদান ভেবে রীতিমতো বুকে চেপে ধরলেন পোঁটলা। যতক্ষণ না দৃষ্টিসীমার বাইরে গেল, ততক্ষণ চেয়ে থাকলেন সেই মোটরবাইকের দিকে। তাঁর মুখোমুখি হতেই বলে উঠলেন, 'ভাই, সারা দিন পর আল্লাহ মিলায়া দিছে, সারা দিন পর।'
তার চোখ বেয়ে অতি কাঙ্ক্ষিত কিছু পাওয়ার আনন্দ পানি হয়ে গড়াল। পাশে বসা দুই শিশুকেও ছুঁয়ে গেল তা। বয়সে ছোট যে শিশু, একটা পোঁটলা থেকে একমুঠো মুড়ি মুখে পুড়ে আবার গেল শিকলে দুলতে।
মাসখানেক আগের পরিচিত ওই নারীর নাম ফাতেমা বেগম। বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়ায়। পরিচয় 'নিম্ন আয়ের মানুষ'। তবে এই রাজধানীর শাহবাগেই তাঁর বেড়ে ওঠা। ৩০ বছরের ফাতেমা এই ঢাকাকে নানাভাবে চিনেছেন। তবে দুমুঠো ভাতের জন্য এমন অসহায়ত্বের মুখোমুখি কখনো হননি।
এই অসহায়ত্ব আরও পীড়া দিচ্ছে দুই মেয়ের জন্য। নিজে নাহয় অভুক্ত থাকলেন, কিন্তু মেয়ে দুটি। তাঁর বিয়ে হয়েছিল বছর কয়েক আগে। দুই বছর আগে ফাতেমার স্বামী তাঁকে ছেড়ে গেছেন। নতুন সংসার পেতেছেন। স্বামীর সে সুখের সংসারের খোঁজ জানেন তিনি। প্রতিনিয়ত তা সুচের ফলার মতো বেঁধে ফাতেমার বুকে।
ফাতেমার চোখে পানি দেখে পাশে বসা শিশু দুটি মাকে জড়িয়ে ধরে। চোখ মুছতে মুছতে ফাতেমা শিশু দুটির পরিচয় দেন, 'বড়টার নাম সামিয়া। বয়স আট। এইটার নাম (ছোট মেয়েকে দেখিয়ে) শিমু। ছয়ে পড়ল এবার। দুইডারে স্কুলে দিছি।' মেয়েদের স্কুলে পড়তে দিয়েছেন, এ কথা মুখ ফুটে বলতেই তাঁর বেদনাহত চোখেও যেন স্বপ্ন খেলে গেল।
এই স্বপ্ন নিয়েই বেগুনবাড়ি বস্তির ছোট এক ঘরে থাকা। শাহবাগ এলাকায় কয়েকটি বাসায় ছুটা বুয়ার কাজ করেন ফাতেমা। মাসে রোজগার পাঁচ হাজার টাকা। আড়াই হাজার টাকা বাসাভাড়া দিয়ে যা থাকে, তাতে চালিয়ে নেন তিনজনের সংসার।
করোনাভাইরাসের প্রকোপ যখন বাড়তে থাকল। মার্চের শেষ দিকে ছুটি ঘোষণা করল সরকার। ফাতেমাকে মাসের পাওনা বুঝিয়ে দিয়ে সেদিন থেকেই কাজে যেতে মানা করলেন গৃহকর্ত্রীরা।
এদিকে ঘরভাড়া আর মুদিদোকানের বাকির খাতা মিটিয়ে দুদিন পরই হাত শূন্য ফাতেমার। চেয়েচিন্তে সপ্তাহখানেক পার করেছেন। ৩০ মার্চের সে দিনটায় পরিচিত কারও কাছে হাত পাততে পারেননি, তাই পথে নেমেছেন কিছু পাওয়ার আশায়।
সেই সময়টাতে কারওয়ান বাজারে নিরন্ন মানুষের হাতে খাবার ও টাকা তুলে আসতেন অনেক বিত্তবান মানুষ, সে খোঁজেই মূলত এসেছিলেন ফাতেমা। কিন্তু বরাবরের মতো দিনভর ভাগ্য তাঁর পরীক্ষা নিয়েছে। অবশেষে সন্ধ্যায় এসে মিলল চাল-ডাল-আলু সমেত একটি পোঁটলা। সে পোঁটলার দিকে তাকিয়ে ফাতেমা স্বগতোক্তি করে বলেছিলেন, 'ভাত থাকলে তা–ও লবণ-মরিচ ডলা দিয়ে খাওয়া যায়।'
জানি না ফাতেমা 'লবণ-মরিচ ডলা দিয়ে' কত দিন দুমুঠো ভাতের ব্যবস্থা করতে পেরেছেন। তিনি তো ভেবেছিলেন সপ্তাহখানেক পরই কাজে ফিরবেন। খেয়ে না-খেয়ে কটা দিন কাটানো সহজ না-হলেও, অসম্ভব নয়। কিন্তু ফাতেমার সেই সপ্তাহ তো দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে।
সেদিন সন্ধ্যায় আরও অনেক কথার পর তাঁদের ছবি তুলেছিলাম। প্রায় মাস হতে চলল। অবরুদ্ধ নগরের গত সপ্তাহ পর্যন্তও ওই পথে পেশাগত কারণে নিয়মিত চলেছি। কিন্তু ফাতেমার দেখা আর পাওয়া যায়নি। মুঠোফোনের গ্যালারিতে গেলে, ফাতেমার আর তাঁর দুই মেয়ের অসহায়ত্বের ছবিটি দৃষ্টি কাড়ে। তখন আনমনেই প্রশ্নটা উঁকি দেয়—দুই মেয়ে নিয়ে ফাতেমা এখন কোথায় আছেন, কেমন আছেন? 'লবণ-মরিচ ডলা দিয়ে' দুমুঠো ভাত কি খেতে পাচ্ছেন?