ফাতেমা কাকে খোঁজে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাত মাস বয়সী ফাতেমা আছে ঢাকার তেজগাঁওয়ে ভিকটিম সাপোর্ট সেন্টারে। ছবি: সংগৃহীত
সাত মাস বয়সী ফাতেমা আছে ঢাকার তেজগাঁওয়ে ভিকটিম সাপোর্ট সেন্টারে। ছবি: সংগৃহীত

ফাতেমার বয়স সাত মাস। তার কণ্ঠে কেবল আও, আও স্বর ফোটে। ক্ষুধা পেলে চিৎকার করে। খাবার না পেলে কান্নাকাটি করে। পেট ভরে গেলে খেলাধুলা করে। টিভিতে কার্টুন দেখে। হাসতে থাকে। মন খারাপ হলে চুপ করে থাকে। এদিক-ওদিক তাকাতে থাকে। কাকে যেন খুঁজে ফেরে? হ্যাঁ, ফাতেমা খোঁজে তার মাকে? যে মা তাকে ফেলে গেছে? যে মা দশ মাস দশ দিন পেটে ধরে তাকে পৃথিবীর আলো দেখিয়েছে। সেই মা কোথায়?

পুলিশ খুঁজছে ফাতেমার মাকে। সব চেষ্টা চালাচ্ছে পুলিশ। তবে তার খোঁজ এখনো মেলেনি। অথচ ফাতেমাকে নিজের করে নেওয়ার জন্য ঢাকার একটি আদালতে আবেদন করেছেন এক নিঃসন্তান দম্পতি। ফাতেমা এখন আছে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে।

৯ জুলাই জর্ডান থেকে ঢাকায় বিমানবন্দরে নামেন শিশুটির মা। তার সহযাত্রী ছিলেন স্বপ্না নামের এক নারী। বিমানবন্দরের এক নম্বর গেট দিয়ে তিনি বের হন। ব্যাগপত্র আনার কথা বলে ফাতেমাকে স্বপ্নার কোলে রেখে যান তিনি। সেই যে ফাতেমার মা গেলেন আর এলেন না। এদিক-ওদিক অনেক খোঁজাখুঁজি করেন স্বপ্না। বিমানবন্দরের সামনে অপেক্ষা করেন প্রায় তিন ঘণ্টা। কিন্তু আর তাকে না পেয়ে ছোট্ট ফাতেমাকে নিয়ে যান নিজের বাসায়। স্বপ্না পরের দিন আসেন বিমানবন্দরের এপিবিএন পুলিশ কক্ষে। সেখানে দিয়ে যান ফাতেমাকে। পরে পুলিশ তাকে নিয়ে আসে ভিকটিম সাপোর্ট সেন্টারে। ফাতেমার গায়ের রং উজ্জ্বল ফরসা। মাথার চুল কোঁকড়ানো।

ফাতেমাকে নিরাপদ হেফাজতে রাখার আবেদনকারী পুলিশ কর্মকর্তা এসআই মো. আবু সাঈদ প্রথম আলোকে বলেন, ফাতেমার মাকে খুঁজে পাওয়া যায়নি। বাধ্য হয়ে তাঁকে নিরাপদ হেফাজতে রাখার জন্য আবেদন করা হয়েছে। আদালতের আদেশে সে আছে সাপোর্ট সেন্টারে।

যেভাবে ফাতেমার দিন-রাত কাটছে, সেই গল্প শোনান ভিকটিম সাপোর্ট সেন্টারের সহকারী কমিশনার (এসি) জাকিয়া নুসরাত। তিনি প্রথম আলোকে বলেন, ফাতেমা অনেক বুদ্ধিমান। সব সময় সে হাসিমুখে থাকে। তার চারটি দাঁত উঠেছে। মা, বাবা ডাকতে পারে না। তবে ‘আও আও’ করে। খেলার সময় খুব খুশি থাকে। কার্টুন দেখে। নুসরাত আরও বলেন, ভিকটিম সাপোর্ট সেন্টারে ফাতেমাকে এখন সবাই চেনে। দুজন নারী তাকে সার্বক্ষণিক দেখাশোনা করে। তাদের কেউ তাকে ডাকলে সঙ্গে সঙ্গে সাড়া দেয়। ফাতেমা বড় আদরে আছে এখানে।

ফাতেমার মা কেন ফেলে রেখে চলে গেছেন? কিংবা কোথায় আছেন? সে সম্পর্কে এখনো কোনো কিছু জানতে পারেনি পুলিশ। তবে স্বপ্না নামের সেই নারীর সঙ্গে কথা বলা হয়েছে। এই নারী থাকেন জয়দেবপুরে। তিনি চিকুনগুনিয়ায় আক্রান্ত। তিনি সুস্থ হলে ফাতেমার মায়ের ব্যাপারে আরও তথ্য সংগ্রহ করা যাবে বলে জানিয়েছে পুলিশ।
এসি জাকিয়া নুসরাত বলছেন, ফাতেমার মাকে খুঁজে বের করতে বিভিন্ন দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। স্বপ্না সুস্থ হলে তাঁর সঙ্গে যোগাযোগ করা হবে। ফাতেমার খোঁজ না মিললেও তাকে জিম্মায় নেওয়ার জন্য ঢাকার শিশু আদালতে আবেদন করেছেন এক দম্পতি। পাঁচ বছর আগে তাদের বিয়ে হলেও কোনো সন্তান হয়নি। আদালতের পেশকার এনামুল হক প্রথম আলোকে বলেন, বিমানবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ফাতেমাকে নিজেদের জিম্মায় নেওয়ার জন্য আবেদন করেছেন।

ফাতেমার জন্য অনেকের মন খারাপ। ফুটফুটে ফাতেমা মায়ের কোলে বড় হচ্ছিল। অথচ সেই মা তাকে ফেলে রেখে চলে গেলেন? কোথায় আছেন তিনি? এমন অনেক প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। পুলিশ বলছে, ফাতেমার মা কোন এয়ারলাইনসে এসেছেন, তা এখনো জানা যায়নি। পাওয়া যায়নি তাঁর কোনো পাসপোর্ট। অনেক প্রশ্নের উত্তর মেলাতে না পারলেও পুলিশ কর্মকর্তা জাকিয়া নুসরাত বললেন, ফাতেমার মাকে খুঁজে বের করে তাকে তাঁর কোলে ফিরিয়ে দেওয়া হবে? যত দিন পর্যন্ত তাঁকে না পাওয়া যায়, তত দিন ফাতেমা আদর-যত্নে থাকবে।

এক পুলিশ কর্মকর্তা বললেন, ফাতেমা খেলছে, ফাতেমা হাসছে। তবু ফাতেমা মাঝেমধ্যে চুপ করে থাক। চিৎকার করে। হয়তো তাঁর মাকেই খোঁজে?