ফাতেমার আতঙ্ক আর কাটে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মায়ের সঙ্গে ফাতেমা
মায়ের সঙ্গে ফাতেমা

সৎমায়ের নির্যাতনে আহত পাঁচ বছরের মেয়ে ফাতেমা আক্তারের আতঙ্ক যেন কিছুতেই কাটছে না। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) মা নাজমুন নাহারের কোলে দিন কাটাচ্ছে।
ওসিসির সমন্বয়কারী বিলকিস বেগম প্রথম আলোকে বলেন, ‘ওকে যখন আনা হয় তখন আমরা ওর যৌনাঙ্গে আঘাতের চিহ্ন পেয়েছি। তবে কী দিয়ে আঘাত করা হয়েছে, তা বোঝা যায়নি। বাচ্চাটি ভীষণ বিষণ্ন। কারও চোখের দিকে তাকায় না। আমাদের সঙ্গে কথা বলে না। সামনে খেলনা দিলেও খেলে না। সারাক্ষণই কিছু একটা নিয়ে ভয়ে থাকে। ওকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে পাঠানো হবে। ওসিসিতেও কাউন্সেলিং চলছে।’
গত শনিবার বিকেলে ওসিসির গেটের বাইরে ফাতেমার মামা ফারুক হোসেন জানালেন, চাঁদপুরের ফরিদগঞ্জে বালিমোড়া গ্রামের এমদাদ উল্লাহর সঙ্গে বিয়ে হয় নাজমুন নাহারের। তবে নাজমুন পারিবারিক অত্যাচারে মানসিক সমস্যায় আক্রান্ত হলে দুই বছর আগে স্বামী তাঁকে তালাক দেন। নাজমুনের সাত বছর বয়সী আরেক মেয়ে (হাফসা আক্তার) তাঁর কাছেই থাকে। ছোট মেয়ে ফাতেমা থাকত বাবা ও সৎমার সঙ্গে।
ফারুক হোসেন বলেন, ‘আগেও ফাতেমাকে ওর সৎমা নির্যাতন করতেন। তবে ২৪ ডিসেম্বর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেন। খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় ফাতেমাকে উদ্ধার করে প্রথমে রামগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স এবং তারপর ২৬ ডিসেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ২৯ ডিসেম্বর ওকে ওসিসিতে আনা হয়। ফাতেমার মানসিক অবস্থা এতটাই খারাপ ছিল যে ও ওর মাকেও কামড় দিত। এ ছাড়া ফাতেমার পিঠেও কামড়ের একটি চিহ্ন আছে।’
ফাতেমার বাবা এমদাদ উল্লাহ একসময় বিদেশে থাকতেন। বর্তমানে গ্রামে কৃষিকাজ করেন। দ্বিতীয় স্ত্রীর একটি মেয়ে হয়েছে।
নাজমুন নাহারের ভাই সোহরাব হোসেন বাদী হয়ে ফাতেমার সৎমা, বাবা ও এক চাচার নামে ফরিদগঞ্জ থানায় ১ জানুয়ারি মামলা করেছেন। সোহরাব হোসেন বলেন, ‘ফাতেমাকে উদ্ধার করে আনার পর ফাতেমার সৎমা উল্টো আমাদের নামে থানায় অভিযোগ দায়ের করেছেন।’
গতকাল রোববার ফরিদগঞ্জ থানার এসআই মো. আবু নেসার বলেন, শিশু আইনে মামলা হয়েছে। আসামিরা পলাতক। তাঁদের ধরার চেষ্টা চলছে।