ফাতেমার ভরসা জান্নাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছয় দিন বয়সী বাচ্চা কোলে ফাতেমা নুর l প্রথম আলো
ছয় দিন বয়সী বাচ্চা কোলে ফাতেমা নুর l প্রথম আলো

৩১ আগস্ট বিকেল পাঁচটা। রাখাইন রাজ্যে কয়েক শ সেনা ‘বলিবাজার’ গ্রামটি ঘিরে ফেলে। তারপর শুরু করে বেপরোয়া গুলি। প্রাণ বাঁচাতে গ্রামবাসী ছুটছিলেন দিগ্বিদিক। অন্তঃসত্ত্বা ফাতেমা নুরের স্বামী করিম উল্লাহ (৩১) নিহত হন গুলিতে। ছেলে নবী হোসেন (৬) ও মেয়ে সামছুন্নাহার (৩) মারা যায় আগুনে পুড়ে। ঘটনার সময় তারা ঘরে ছিল।

ফাতেমা নুর পালিয়ে আশ্রয় নেন পাশের জঙ্গলে। ১ সেপ্টেম্বর সকালে নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে অন্য রোহিঙ্গা নর-নারীর সঙ্গে বাংলাদেশে পালিয়ে আসার সময় শুরু হয় তাঁর প্রসবযন্ত্রণা। সঙ্গীরা ফাতেমাকে নিয়ে যান একটি ওমবাগানে (গোলপাতা বাগান)। সেখানে ফাতেমা জন্ম দেন এক কন্যাসন্তানের। অন্য রোহিঙ্গারা মেয়ের নাম দেন ‘জান্নাত আরা’। এরপর ওই ওমবাগানে কেটে গেছে আরও দুটি দিন। সোমবার বিকেলে জান্নাতকে নিয়ে উখিয়ার বালুখালী অনিবন্ধিত রোহিঙ্গা শিবিরের ‘ডি’ ব্লকের একটি ঘরে আশ্রয় নেন ফাতেমা।

পরদিন মঙ্গলবার বিকেলে এই প্রতিবেদকের কথা হয় ফাতেমার সঙ্গে। তাঁর কোলে ছিল পাঁচ দিনের মেয়ে। ফাতেমা নুর (২৬) বলেন, ‘স্বামী-সন্তান, মা-বাবা সব হারিয়েছি। জান্নাত ছাড়া এখন কেউ নেই। জান্নাতকে নিয়ে কী করব, কোথায় যাব ভেবে পাচ্ছি না।’ তিনি বলেন, রাখাইন রাজ্যে সাম্প্রদায়িক সহিংসতায় রোহিঙ্গাদের হাজার হাজার ঘরবাড়িতে আগুন দেওয়া হয়েছে। নির্বিচারে মানুষ হত্যা করা হচ্ছে। রোহিঙ্গা মুসলমানদের পক্ষে কেউ নেই।

পালিয়ে আসার সময় সঙ্গে করে কিছুই আনতে পারেননি ফাতেমা নুর। বাংলাদেশে আসা গ্রামের পরিচিত কারও দেখা মিলছে না। কানের দুই জোড়া সোনার দুল বিক্রি করে এ কদিন চলেছেন তিনি। এ পর্যন্ত কোনো ত্রাণ সহায়তা পাননি তিনি।

বালুখালীর এই অনিবন্ধিত রোহিঙ্গা শিবির ব্যবস্থাপনা কমিটির সভাপতি জামাল হোসেন বলেন, গতকাল বুধবার এই শিবিরে ঢুকেছে পাঁচ হাজারের মতো রোহিঙ্গা। আরও রোহিঙ্গা আসছে। জায়গা দেওয়া যাচ্ছে না। এখন পাহাড়ে ঘরবাড়ি তৈরির হিড়িক পড়েছে।

এই শিবিরে জান্নাত আরার মতো শিশু কোলে অনেক রোহিঙ্গা নারীকে দেখা গেছে। তাঁদের কেউ হারিয়েছেন স্বামী, কেউ মা-বাবা, ভাইবোন, ছেলেমেয়ে।