
‘ফাদার অব দ্য সিটি’ (নগর পিতা) বলাকে তামাশা ও কৌতুক—বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগ আয়োজিত ‘সড়ক নির্মাণ ও মান নিয়ন্ত্রণ’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত এ সেমিনারে নিজের দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরে মেয়র নাছির বলেন, এ শহরে সিডিএ (চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ), ওয়াসা, পিডিবি, টিঅ্যান্ডটি যে যার মতো কাজ করে গেছে। সিটি করপোরেশনের অনুমোদন নেওয়ার প্রয়োজনও মনে করত না। সেবাধর্মী প্রতিষ্ঠানগুলো সিটি করপোরেশনকে মিনিমাম (ন্যূনতম) গুরুত্ব দিত না। মেয়র বলেন, ‘কিন্তু এখন আমি এমন অবস্থায় নিয়ে গেছি, এখন এ শহরে কিছু করার আগে অবশ্যই আমার কাছ থেকে অর্থাৎ সিটি করপোরেশনের কাছ থেকে অনুমোদন নিতে হবে।’ সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয়সাধনের মাধ্যমে সেবা সংস্থাগুলোকে কাজ করতে হবে বলে সেমিনারে মন্তব্য করেন তিনি।
মেয়রের দায়িত্ব গ্রহণের সময় সিটি করপোরেশনের প্রতি নগরবাসীর আস্থা শূন্যের কোঠায় ছিল উল্লেখ করে আ জ ম নাছির বলেন, ‘এটি পুরোপুরি দয়া ও করুণার ওপর নির্ভরশীল হয়ে পড়েছিল। আমার একটি চ্যালেঞ্জ হলো, সে আস্থা ফিরিয়ে আনা। এ জন্য রাতদিন কাজ করে যাচ্ছি।’
বর্তমান মেয়রের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আগে থেকে সিটি করপোরেশনের প্রতি নগরবাসীর আস্থা ছিল বলে তিনি (বর্তমান মেয়র) সুষ্ঠুভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, ‘আমি কখনো আস্থাহীনতায় ভুগি নাই। সেবা সংস্থাগুলো সিটি করপোরেশনের অনুমোদন নিয়েই কাজ করত।’
গতকালের সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমদ। বক্তব্য দেন সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, সিটি করপোরেশনের সাবেক প্রধান প্রকৌশলী রেজাউল আমিন খান, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান মোহাম্মদ সাদেক চৌধুরী, সাবেক চেয়ারম্যান আলী আশরাফ, দেলোয়ার মজুমদার ও মোহাম্মদ হারুন, সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রফিকুল ইসলাম। সেমিনারে সিটি করপোরেশনের সাবেক আট প্রধান প্রকৌশলীকে সম্মাননা দেওয়া হয়।
সেমিনারে বক্তারা বলেন, চট্টগ্রাম শহরের অনেক রাস্তা দিয়ে বৃষ্টির সময় পানি প্রবাহিত হয়। এতে ভালো রাস্তাগুলোও ভেঙে যায়। এসব রাস্তা কীভাবে টেকসই করা যায়, তা ভেবে দেখতে হবে। মাঠপর্যায়েই রাস্তার নির্মাণ ও সংস্কারকাজের তদারকি যাতে নিয়মিতভাবে করা হয় সে পরামর্শ দেন তাঁরা।