ফাদার ওয়াল্টারের নিরুদ্দেশের কারণ মানসিক অস্থিরতা

মানসিক অস্থিরতা থেকেই নিরুদ্দেশ হয়েছিলেন নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল সেন্ট লুইস উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জোনাইল ধর্মপল্লির পুরোহিত ওয়াল্টার উইলিয়াম রোজারিও (৪২)। তিনি এ অস্থিরতা থেকে প্রশান্তি চেয়েছিলেন।
আজ রোববার দুপুরে নাটোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম খুরশেদ আলমের কাছে দেওয়া বিচারিক জবানবন্দিতে তিনি এ কথা বলেন। পরে তাঁকে তাঁর ভাইদের জিম্মায় মুক্তি দেওয়া হয়।
নাটোর আদালত পুলিশের পরিদর্শক নাসির উদ্দিন মণ্ডল জানান, বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) সৈকত হাসান তাঁর থানার একটি সাধারণ ডায়েরির সূত্র ধরে ফাদার ওয়াল্টার আজ বেলা আড়াইটার দিকে জ্যেষ্ঠ বিচারিক হাকিম খুরশেদ আলমের আদালতে হাজির করেন। তিনি পুরোহিতের বিচারিক জবানবন্দি গ্রহণ করে তাঁকে নিরাপত্তা হেফাজতে পাঠানোর জন্য আবেদন করেন। অন্যদিকে নাটোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আইনজীবী আবদুল কাদের তাঁকে তাঁর ভাইদের জিম্মায় দেওয়ার জন্য আবেদন করেন। আদালত ওয়াল্টারের জবানবন্দি গ্রহণ শেষে তাঁকে তাঁর বড় ভাই অমল রোজারিওর জিম্মায় মুক্তি দেন। জবানবন্দি গ্রহণ শেষে বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) জানান, ওয়াল্টার রোজারিও তাঁর জবানবন্দিতে বলেছেন, তিনি মানসিক অস্থিরতায় নিজের ইচ্ছায় নিরুদ্দেশ হওয়ার চেষ্টা করেছিলেন। তবে নিখোঁজ থাক অবস্থায় তাঁকে নিয়ে সবার উদ্বেগের বিষয়টি উপলব্ধি করে তিনি পুলিশ হেফাজতে চলে যান।
২৭ নভেম্বর বিকেলে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া মিশন মার্কেট থেকে ওয়াল্টার উইলিয়াম রোজারিও নিখোঁজ হন। চার দিন পর তিনি সিলেটের দক্ষিণ সুরমা এলাকার একটি বাস কাউন্টার থেকে তাঁর বড় ভাইকে ফোন করে তাঁর অবস্থান জানান। পরে সেখানকার পুলিশ তাঁকে তাঁদের হেফাজতে গ্রহণ করেন। খবর পেয়ে ঢাকা পুলিশ সদর দপ্তর থেকে পুলিশের একটি দল তাঁকে সিলেট থেকে ঢাকায় নিয়ে আসে। নাটোরের পুলিশ গত শনিবার সন্ধ্যায় তাঁকে নাটোরে নিয়ে আসেন। এর পরপরই নাটোরের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার তাঁর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এ ব্যাপারে কথা বলেন। তিনি বলেন, পুরোহিত ওয়াল্টার রোজারিও অপহৃত হননি। তিনি মানসিক অশান্তি থেকে মুক্তির জন্য আত্মগোপন করেছিলেন।