ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুরে একজন মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার অভিযোগে পার্বতীপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জকে সাময়িক বরখাস্ত ও ১৬ কর্মচারীকে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়েছে। ফায়ার সার্ভিসের রংপুর বিভাগীয় উপপরিচালক সমরেন্দ্র নাথ বিশ্বাস গতকাল বৃহস্পতিবার এ নির্দেশ দেন।
ফায়ার সার্ভিস স্টেশন সূত্র ও একজন প্রত্যক্ষদর্শী বলেন, গত রোববার শহরের নতুন বাজারের ফায়ার সার্ভিস স্টেশন এলাকার রোস্তম নগর মহল্লার মুক্তিযোদ্ধা আ. হাদি তাঁর পাঁচ বছরের নাতির আবদার পূরণ করতে গিয়ে ফায়ার সার্ভিস কার্যালয় চত্বরের বাগান থেকে একটি পাতাবাহারের গাছ তুলে নেন। বিষয়টি দেখে ফায়ার সার্ভিস ইনচার্জ আনোয়ারুল হক আ. হাদিকে গালিগালাজ করে ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এতে বাধা দিতে এলে স্থানীয় ব্যবসায়ী বাবলু ও একজন স্কুলশিক্ষকও লাঞ্ছিত হন।
ওই ঘটনার প্রতিবাদে এলাকাবাসী ওই দিন ফায়ার সার্ভিস স্টেশন ঘেরাও করে ও স্টেশন ইনচার্জকে তাৎক্ষণিকভাবে অপসারণের দাবি জানান।
এ-সংক্রান্ত লিখিত অভিযোগ পাওয়ার পর রংপুর বিভাগীয় উপপরিচালক সমরেন্দ্র নাথ বিশ্বাস ও ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নীলফামারী কোবাদ আলী সরদার গতকাল পার্বতীপুর ফায়ার সার্ভিস স্টেশন পরিদর্শন করেন। এ সময় তিনি লাঞ্ছিত মুক্তিযোদ্ধা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ফায়ার সার্ভিস কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন। এরপর তিনি জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেন।
সমরেন্দ্র নাথ বিশ্বাস বলেন, পরিস্থিতি সামাল দিতে আনোয়ারুল হককে সাময়িক বরখাস্ত করে রংপুরে কার্যালয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া স্টেশনে কর্মরত ১৬ অগ্নিনির্বাপণ কর্মী ও চালককে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়েছে।
সমরেন্দ্র নাথ বিশ্বাস আরও বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজন মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার বিষয়টি মেনে নেওয়া যায় না। এ সময় পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহেনুল ইসলাম, পার্বতীপুর মডেল থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামাণিক, যুগ্ম সম্পাদক আমজাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।