ফারজানা আক্তারের দাফন সাদ্দামের আত্মসমর্পণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাসিড-সন্ত্রাসে নিহত ফারজানা আক্তারের দাফন গতকাল মঙ্গলবার তাদের গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে সম্পন্ন হয়েছে। আর তার ওপর অ্যাসিড নিক্ষেপের মামলার প্রধান আসামি সাদ্দাম হোসেন গতকাল মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করেছে। কুমিল্লার বিচারিক হাকিম নাসরীন জাহান সাদ্দামকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সল বিষয়টি নিশ্চিত করেছেন।প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গত ১১ নভেম্বর রাতে দাউদকান্দি উপজেলার সোনাকান্দা গ্রামের নিজ বাড়িতে ঘুমন্ত ফারজানা, তার ভাগনে মাদ্রাসার পঞ্চম শ্রেণীর ছাত্র ফয়সাল আহমেদ (১০) ও তাদের গৃহকর্মী খাদিজা আক্তারের (১৫) ওপর অ্যাসিড ছোড়া হয়। গত সোমবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ফারজানার মৃত্যু হয়।ফারজানা সোনাকান্দা গ্রামের ড. মোশাররফ হোসেন ইসলামিয়া রহমানিয়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রী।দাফন সম্পন্ন: গতকাল সকাল ১০টায় সোনাকান্দা গ্রামের মাঠে জানাজা শেষে ফারজানাকে দাফন করা হয়। এর আগে ফারজানার লাশ সোনাকান্দা গ্রামে পৌঁছালে হূদয়বিদারক দৃশ্য দেখা যায়। এলাকাবাসী ও ফারজানার সহপাঠীরা লাশ দেখতে এসে কান্নায় ভেঙে পড়ে।জানাজার মাঠে সোনাকান্দা গ্রামের সোলেমান সরকার বলেন, এলাকার যুবকদের আড্ডার স্থান চিহ্নিত করে সামাজিকভাবে শাসন না করলে ফারজানার মতো এলাকার অন্য ছাত্রীরাও এ সমস্যায় পড়বে।জানাজায় উপস্থিত সুলতান আহমেদ বলেন, ফারজানার ওপর অ্যাসিড হামলাকারীদের বিচারের কাঠগড়ায় না দাঁড় করালে ফারজানার আত্মা সমাজের কাউকে ক্ষমা করবে না।পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলায়মান মোল্লা বলেন, ‘প্রশাসনের কাছে একটাই দাবি, প্রকৃত আসামিরা যেন দ্রুত গ্রেপ্তার হয়। সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয়।’ফারজানার শেষ ইচ্ছা: ফারজানার বড় ভাই নিজাম উদ্দিন বলেন, ফারজানার শেষ ইচ্ছা ছিল প্রকৃত দোষীদের যেন দৃষ্টান্তমূলক বিচার হয়।আরেক বড় ভাই জিসান আহমেদ বলেন, তাঁর ভাগনে ফয়সাল ও গৃহকর্মী খাদিজা এখনো ঢাকার বনানীতে অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশনের হাসপাতালে চিকিৎসাধীন। খাদিজার অবস্থা একটু উন্নতি হলেও ফয়সালের অবস্থা অবনতির দিকে। চিকিৎসকের কাছ থেকে অনুমতি নিয়ে শুধু ফারজানার জানাজা ও দাফন দেখার জন্য ফয়সাল ও খাদিজাকে বাড়িতে আনা হয়েছে। তাদের আবার হাসপাতালে ভর্তি করা হবে।ফয়সালের মা মাহমুদা আক্তার বলেন, অ্যাসিড-সন্ত্রাসের কারণে ফয়সাল এবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা দিতে পারেনি।ফারজানার মা হাসনেয়ারা বেগম ও বাবা জালাল উদ্দিন সর্দার বলেন, ‘আমরা ন্যায়বিচার ছাড়া আর কিছুই চাই না।’