ফারজানা আবার ইংরেজি পরীক্ষা দিতে চায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মায়ের সঙ্গে ফারজানা। ছবি : সাবিনা ইয়াসমিন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মায়ের সঙ্গে ফারজানা। ছবি : সাবিনা ইয়াসমিন

ফারজানা আক্তারের চোখেমুখে কিশোরী সুলভ চপলতা। কিন্তু প্রকাশ করতে পারে না। বিছানায় বসতে, হাত নাড়তেও মায়ের সাহায্য লাগে। বিদ্যুতের তারে জড়িয়ে তার আজ এই অবস্থা।
ষষ্ঠ শ্রেণিতে পড়ে ফারজানা। মা চাল রোদে দিয়েছেন অন্যের একতালা দালানের ছাদে। মেয়েকে নিয়ে সেই চাল আনতে যান বিকেলে। মা চাল তুলছেন। কিশোরী ফারজানা প্রজাপতির মতো ঘুরে বেড়ায় ছাদের এ মাথা থেকে ও মাথায়। একপর্যায়ে ছাদের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে লেগে তার ওড়নায় আগুন জ্বলে ওঠে। এক ঝটকায় সে পড়ে যায় ছাদের মেঝেতে। হারায় জ্ঞান। ফেটে যায় মাথা। প্রচণ্ড ব্যথা পায় কোমরেও। বাঁকা হয়ে যায় বাম হাতের দুটি আঙুল। পুড়ে যায় ডান হাত। এখন সেই হাত একা একা নাড়ানোর ক্ষমতাও নেই ফারজানার। বাম হাত দিয়ে ডান হাতটি তুলে ধরে অনেক চেষ্টার পর রাখতে পারে কোলের ওপর।
এ দুর্ঘটনার পর পার হয়েছে দুই মাস। যেতে পারছে না স্কুলে। নোয়াখালী থেকে বারবার আসছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। শরীরের সব কষ্টের চেয়েও স্কুলে না যাওয়ার কষ্টই যেন বেশি ফারজানার।
বার্ন ইউনিটের মহিলা ওয়ার্ডের (ব্লু) ২১ নম্বর বিছানায় গিয়ে দেখা যায়, ফারজানার পুরো পেট, ডান হাতের কনুই থেকে পুরো বাহু পর্যন্ত সাদা ব্যান্ডেজে মোড়ানো। তবে হাসি লেগেই আছে মুখে। স্কুলের কথা বলতেই বড় বড় চোখ দুটো থেকে খুশির ঝিলিক মিলিয়ে গেল। আস্তে করে জানাল, সে আবার স্কুলে যেতে চায়। বান্ধবীদের সঙ্গে খেলতে চায়।
যেদিন এ দুর্ঘটনা ঘটে তার পরদিনই ছিল ফারজানার ইংরেজি পরীক্ষা। সারা দিন ইংরেজি পড়েছে। কিন্তু পরীক্ষাটা আর দেওয়া হলো না। এখন সে স্বপ্নে দেখে ইংরেজি পরীক্ষা দিচ্ছে।
ফারজানার বাবা আনোয়ার হোসেন বলেন, ‘এই বার হাসপাতালে ভর্তি হওনের পর ছয় দিন আগে আবার অপারেশন হইছে। ওর রান থেকে চামড়া নিয়া হাতে লাগাইছে, পেটের বাম পাশে লাগাইছে। ডাইন হাত মুঠও করতে পারে না। ডাক্তাররা কইছে মেয়ে ভালো হইবে, তবে সময় লাগব।’
ফারজানার মা হাসিনা আক্তার বলেন, ‘আরেকজনের বাড়ির ছাদে উঠছি। কারেন্টের মেইন লাইন ছিল। মেয়ের ওড়না গিয়া লাগে। তারপর তো কারও আর কোনো হুঁশ নাই। নিজের প্রয়োজনে গেছি, তাই বাড়িওয়ালারে কিছু বলতে পারি নাই। মেয়ে খালি কান্দে স্কুলে যাওনের লাইগ্যা।’
আনোয়ার হোসেনের তিন মেয়ে এক ছেলে। ফারজানা মেজো। অন্যের জমি চাষ করেন তিনি। দুই মাস ধরে মেয়ের পেছনে দৌড়াতে দৌড়াতে নিয়মিত কাজও করতে পারছেন না। নোয়াখালী থেকে ঢাকায় যাতায়াত, হাসপাতালের ওষুধ ও অন্যান্য খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন তিনি।
আনোয়ার হোসেন বলেন, ‘মানুষের কাছে চাইয়াচুইয়্যা মেয়ের চিকিৎসার খরচ চালাইতাছি। কয়দিন চালাইতে পারমু জানি না।’
নোয়াখালীর চৌমুহনীতে আমানাতপুরে দেওয়ান গোলাম সারোয়ার উচ্চ বিদ্যালয়ে পড়ে ফারজানা। স্কুল কর্তৃপক্ষ চার হাজার টাকা দিয়েছে। ফারজানার বান্ধবীরাও যে যার মতো সাহায্য করে। আত্মীয়দের আর্থিক অবস্থা খারাপ। তারপরও কিছু সাহায্য করে।
ফারজানার ইচ্ছে, আবার স্কুলে যাবে, ইংরেজি পরীক্ষা দেবে সে। তার এই ইচ্ছা পূরণে কেউ সহায়তা করতে চাইলে ফারজানার বাবা আনোয়ার হোসেনের বিকাশ নম্বরে (০১৮৪৩৪৮৫৪৬৫) করা যাবে।