ফারজানা বিচার চায় না, বাঁচতে চায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগুনে পুড়ে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা কিশোরী ফারজানা বিচার চায় না। সে বাঁচতে চায়।
গত বছরের ১৪ জুন সকালে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ফারজানা তার মা-বোনসহ পরিবারের নয় সদস্যকে হারায়। বেঁচে ছিল ফারজানা ও তার বাবা মো. ইয়াসিন। গত বছরের ৬ সেপ্টেম্বর ফারজানার পোড়া ঘায়ের ওষুধ কিনতে বেরিয়ে পল্লবীর পূরবী সিনেমা হলের সামনে ইয়াসিন মিয়া মিনিবাসের ধাক্কায় মারা যান।
ফারজানার আশ্রয় মেলে তার খালা সাহিদা বেগম ও খালু আসলাম খানের পরিবারে। আসলাম খান সপরিবারে মোহাম্মদপুর মার্কেট ক্যাম্প নামের একটি বিহারি ক্যাম্পে থাকেন।
গতকাল সন্ধ্যায় ফারজানা প্রথম আলোকে বলে, আগুনে পুড়ে মৃত্যুর দুয়ার থেকে বেঁচে আসার পর তার একমাত্র অবলম্বন ছিলেন বাবা। বিচার চাইতে গিয়ে মা-ভাই ও বোনদের হত্যাকারীরা তার বাবাকে মিনিবাসের চাপা দিয়ে মেরেছে। এখন সে তাদের বিচার চাইতে গেলে ওরা তাকে একইভাবে মেরে ফেলবে। এ কারণে পরিবারের সদস্যদের হত্যার বিচার সে চায় না।
ফারজানা কান্নাজড়িত কণ্ঠে বলে, ‘আমি অনেক দিন আগে কুর্মিটোলা বিহারি ক্যাম্পে গেছিলাম। ওখানে গেলে মা-বাবা ও ভাই-বোনেদের স্মৃতি তাড়া করে বেড়ায়। ঘুমের ঘোরেও চোখের সামনে ওদের স্মৃতি ভেসে ওঠে। তখন ঠিক থাকতে পারি না।’ সে জানায়, তার দুই হাত-পা, মুখমণ্ডল ও পিঠের ঘা প্রায় শুকিয়ে গেছে। এতে এখনো মলম লাগাতে হয়। ফারজানা মিরপুর ২ নম্বরে ইউসেপ স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়ত। আগুনে পুড়ে যাওয়ায় এ বছর সে পড়াশোন করতে পারেনি। এক বছর পিছিয়ে পড়েছে। আগামী বছর ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হবে। পোড়া হাতের ঘা শুকিয়ে যাওয়ায় সে বাসায় লেখাপড়া করছে।
প্রথম আলোর কাছে ফারজানা বলে, ঘটনার পর অনেকেই আর্থিক সহযোগিতার আশ্বাস দিয়েছিল। কিন্তু কেউ সে কথা রাখেনি। কেউ খোঁজও নেয়নি। ফারজানার খালু আসলাম খান বলেন, ‘ আমরা ওর মন থেকে সব দুঃখ-কষ্ট মুছে দিতে চেষ্টা করছি। নিজের তিন সন্তানের মতো ওকেও লালন-পালন করছি।’
গত বছরের ১৪ জুন পল্লবীর কালশী কুর্মিটোলা বিহারি ক্যাম্পে বাসিন্দাদের সঙ্গে পাশের বাউনিয়াবাদের যুবলীগের নেতা জুয়েল রানার সমর্থক ও পুলিশের সংঘর্ষ হয়। একপর্যায়ে ক্যাম্পের আটটি ঘরে আগুন দেওয়া হয়। এর একটি ঘর ফারজানাদের। এতে মা বেবি আক্তার, বোন শাহানি, আফসানা আক্তার, রোখসানা আক্তার, যমজ দুই ভাই লালু ও ভুলু, বড় ভাই আশিক, ভাবি শিখা আক্তার ও ভাগনে তিন বছরের মারুফ পুড়ে মারা যায়। ফারজানা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আড়াই মাস চিকিৎসা নেয়।