ফারজানাদের আশ্রয়ের জায়গা কমছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘খবরটি পড়ে আমার কান্না এসেছে । কী অস্বাভাবিক এই মৃত্যু!’ এভাবে মাত্র দুটি বাক্যে বেদনার কথা প্রকাশ করেছেন এক পাঠক। আরেকজন লিখেছেন, ‘কী গভীর বেদনাদায়ক ঘটনা! একজন মা ও তাঁর সন্তানেরা জীবন দিয়ে অন্যায়ের প্রতিবাদ করেছে।’ এ রকম অজস্র অভিমত। কেউ লিখেছেন সংক্ষেপে, তীক্ষ, তীব্র ভাষায়। কেউ সমাজ-বাস্তবতার বিশ্লেষণ করেছেন বেদনাভরা চিত্তে। ঘৃণা-ধিক্কার জানিয়েছেন অনেকে। প্রশ্ন তুলেছেন পুলিশ ও সাংবাদিকদের ভূমিকা নিয়েও। বাদ পড়েনি মানবাধিকার সংগঠনগুলোর ভূমিকার প্রসঙ্গও। ঘটনাটি জুরাইনের, এক নিরুপায় মা ও তাঁর দুই অসহায় সন্তানের অস্বাভাবিক মৃত্যুর।মা ফারজানা ও তাঁর দুই সন্তানের মৃত্যু নিয়ে প্রকাশিত সংবাদগুলো সম্পর্কে পাঠকের এ ধরনের অনেক অভিমত এসেছে প্রথম আলোর অনলাইনে। এই মর্মান্তিক মৃত্যু মানুষের হূদয়কে ক্ষত-বিক্ষত করেছে, জাগিয়েছে বিবেক। তাঁদের প্রতিক্রিয়ায় ক্ষোভ, নীরবে অশ্রুপাত, ক্ষয়িষ্ণু সমাজের অবক্ষয়ের কথা তো আছেই, অনেকে আবার সন্দেহ করেছেন ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড কি না।কতটা বেদনাহত হয়েছেন মোহাম্মদ আলম নামের এক পাঠক। লিখেছেন, ‘খুবই নির্মম, এর বেশি আর কিছু বলার ভাষা নাই।’ ‘আমার চোখে পানি আসছে’—শুধু এই একটি বাক্য লিখেছেন আশিকুর রহমান। মোহাম্মদ আবদুল কাদের লিখেছেন, ‘যতবার শিশু দুটোর ছবির দিকে তাকাচ্ছি, ততবারই বুক ফেটে কান্না আসছে।’পুলিশের অপরাধ বিশেষজ্ঞ ভানুলাল দাস এ প্রসঙ্গে বলেন, ‘আত্মহত্যার প্রবণতা তৈরি হলে মানুষ নিজের মতো করে একটা মহড়া দেয় কীভাবে সে কাজটি করবে, এসব নিয়ে। তবে বেশির ভাগ মানুষই এটা করে চুপিসারে, মনে মনে। সবাই মিলে পরামর্শ করে আত্মহত্যার ঘটনা খুবই অস্বাভাবিক। এমন ঘটনার নজিরও খুব কম।’‘ঘটনা শুনেই আমি হতবাক। একজন মা কোন পরিস্থিতির শিকার হলে তাঁর নিষ্পাপ দুই সন্তানকে নিয়ে এমনভাবে আত্মহত্যা করতে পারেন, তা আমাদের খুব গভীরভাবে ভাবতে হবে। আমি কখনো আত্মহত্যাকে সমর্থন করি না। কিন্তু তাদের জন্য কেমন পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল যে তারা বাধ্য হলো এমন নিষ্ঠুর কাজটি করতে! একজন মানুষ হিসেবে নিজেকে নিজের কাছেই ছোট মনে হচ্ছে। আমার মনে হয়, তাদের কাছে কোনো বিকল্প পথই খোলা ছিল না। যদি বিকল্প পথ থাকত, তাহলে তারা এমনটি কখনো করত না।’ এই ছিল ফারুক হোসাইনের প্রতিক্রিয়া।ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, মনোবিজ্ঞানী মেহতাব খানম এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, মায়ের যন্ত্রণা বাচ্চাদের মধ্যে ছড়িয়ে পড়েছিল। মা তাঁর কষ্ট বাচ্চাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। এতে করে ছোট থেকেই বাচ্চারা এসব বুঝতে শিখেছে। একপর্যায়ে তারা বড়দের মতো আচরণও করতে শুরু করে। স্ট্যাম্পে বা দেয়ালে লেখা ছিল তারই লক্ষণ। তিনি বলেন, দাম্পত্য কলহ বাচ্চাদের মধ্যে ছড়িয়ে পড়ায় তাদের মধ্যে গভীর বিষণ্নতা দেখা দিয়েছিল।ভানুলাল দাস বলেন, ‘হতে পারে এ ঘটনায় মা নিজেই প্রথমে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি সন্তানদের আগে মেরে নিজেই আত্মহত্যা করেছেন। দেয়ালের লেখার বেশির ভাগ অংশ মায়ের হতে পারে।’একজন লিখেছেন, ‘সাংবাদিক শফিকুল কবির প্রথম আলোকে বলেছেন, আগে থেকেই রিতার আত্মহত্যার প্রবণতা ছিল। আমি তাই বলছি, তিনি এবং তাঁর পুত্র মিলেই তো এমন পরিস্থিতি সৃষ্টি করে রেখেছেন। রিতা আত্মহত্যা করতে পারেন, তাঁর সন্তানের মধ্যে আত্মহত্যার প্রবণতা কেন এল?’ফারুক হোসাইন লিখেছেন, ‘আজ দুই দিন ধরে যতবার এই শিশুগুলোর আকুতিমাখা কথাগুলো পড়ছি, বারবার চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসছে। তাদের কী করুণ আর্তনাদ! পাষাণ বাবার মন একবারও গলেনি।’সমাজব্যবস্থার কথা বলেছেন অনেকে। কাজী মুরাদের মন্তব্য, ‘সম্প্রতি এ ধরনের মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা বাংলাদেশে প্রায় ঘটছে, যা দেশের ক্ষয়ে যাওয়া সমাজব্যবস্থারই চিত্র। গোটা সমাজটাই মনে হয় ভয়ংকর কোনো বিষক্রিয়ায় আক্রান্ত। এখন থেকে সচেতন না হলে মনে হয় আমরা কেউই রেহাই পাব না।’ পুরো ঘটনা নিয়ে সংশয় প্রকাশ করে রেজোয়ান লিখেছেন, ‘এটাকে পরিকল্পিত হত্যা মনে হচ্ছে।’ আরেকজন লিখেছেন, ‘আপাতদৃষ্টিতে এটাকে আত্মহত্যা মনে হলেও কেন জানি এটাকে পরিকল্পিত হত্যা মনে হচ্ছে।’ আরেকজন লিখেছেন, ‘বাচ্চাদের হাতের লেখা মিলিয়ে দেখা দরকার।’পুলিশের অতিরিক্ত ডিআইজি শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, দেয়ালে ও কাগজে লেখা বক্তব্যগুলো বিশ্লেষণ করা দরকার। এটি তদন্তের একটি গুরুত্বপূর্ণ বিষয়। স্ট্যাম্পে যেভাবে লেখা হয়েছে, সেই শব্দ ও বাক্য আদৌ বাচ্চাদের কি না, তা পরীক্ষা করা দরকার। লেখার বক্তব্যগুলো বিশ্লেষণ করলে বোঝা যাবে এগুলো আদৌ শিশুদের ভাষা কি না।পাঠক অনুপ কুমারের মন্তব্য, ‘দ্বিতীয় বিয়ে করা পাষণ্ড স্বামী-স্ত্রীর প্ররোচনাদানকারী শ্বশুর-ননদদের অবশ্যই বিচারের মুখোমুখি করা দরকার। কোনো কিছুর চাপে পড়ে মামলা যাতে বেহাত না হয়, সেদিকে বাদীপক্ষকে লক্ষ রাখতে হবে।’ রেজাউল করিম লিখেছেন, ‘একাধিক বিয়ে করে সমতা বিধান করতে না পারার ফল এটি। আমাদের দেশে এ রকম ঘটনা বেড়েই চলছে।’ আরেক পাঠক লিখেছেন, ‘আমরা কি প্রস্তরযুগে ফিরে যাচ্ছি? রাশেদুল শুধু তাঁর স্ত্রী ও দুই সন্তানকে খুনই করেননি বরং তাদের ভালোবাসাকেও খুন করেছেন।’এই ভালোবাসার অপমৃত্যু থেকে জন্ম নিয়েছে তীব্র হতাশা—এমন মন্তব্য হিনা আনসারি নামের এক পাঠকের। তিনি লিখেছেন, ফারজানার বিবাহিত জীবন ১৮ বছরের এবং তাঁরা বিয়ে করেছিলেন ভালোবেসে। ফলে বিয়ের পর কেউ যদি আরেকজনকে ও তাঁদের সন্তানদের ছেড়ে যায়, তাহলে তিনি অবসাদগ্রস্ত হয়ে পড়বেন, এটাই স্বাভাবিক। তিনি (ফারজানা) জানতেন না, এ অবস্থায় আত্মঘাতী হওয়া ছাড়া কী করতে হবে, কার কাছে যেতে হবে। হিনা আরও লিখেছেন, আর বিবাহবিচ্ছেদের কথা এলেই বাংলাদেশের সমাজবাস্তবতায় প্রথম দোষটা গিয়ে পড়ে একজন মেয়ের ঘাড়ে। ফলে গুরুতর অবসাদগ্রস্ত ব্যক্তি যেকোনো পথ বেছে নিতে পারে।মেহতাব খানম এ প্রসঙ্গে বলেন, ‘আমাদের উচিত পারিবারিক জটিল বিষয় বাচ্চাদের সঙ্গে ভাগ না করা। এতে বড় হলেও বাচ্চারা বিষণ্ন মানুষ হয়েই থাকবে।’একজন পাঠক লিখেছেন, ‘এ ঘটনাটি একজন মা, একজন নারী ও তাঁর সন্তানদের জীবন দিয়ে প্রতিবাদের ঘটনা। মামলা হয়েছে, কিন্তু পুলিশ বলছে, আসামিরা পলাতক, পাওয়া গেলেই ধরা হবে। বোঝাই যাচ্ছে, এই জঘন্য ঘটনার তদন্ত কী হবে।’মামলার ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করে মাজহারুল ইসলাম মন্তব্য করেছেন, ‘জাতির বিবেক সাংবাদিক-সমাজের ভূমিকার দিকে আগ্রহ নিয়ে তাকিয়ে থাকলাম। নাকি এরা ক্ষমতার দাপটে চোখের সামনে পালিয়ে থাকবে। মানবাধিকারের ক্ষুরধার তর্কবাগীশদের অবস্থান কি অবুঝ সন্তান আর তাদের মায়ের দিকে যাবে না?’সালেহ আল বিরুনী লিখেছেন, ‘আমরা সাংবাদিকদের ভূমিকা দেখতে চাই। সাংবাদিকের সন্তান বলে কলম যেন থেমে না যায়।’পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। সুমাইয়া জুঁই লিখেছেন, ‘৬ মে শফিকুল পুলিশ ডেকে এনে ফারজানাকে ভয় দেখান এবং তাঁকে দিয়ে আপসনামায় সই করতে বাধ্য করেন। ফারজানার মামা আব্বাস দেওয়ান বলেন, কদমতলী থানার এএসআই গোলাম কিবরিয়া ওই দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাসায় ছিলেন। তাঁর উপস্থিতিতে শফিকুল কবির বাড়ি ছাড়ার কাগজে সই নেন। এ ছাড়া রাশেদুল তাঁর দ্বিতীয় বিয়েতে আপত্তি নেই এমন একটি দলিলে সই নেন। আমরা কি সভ্য সমাজে বাস করছি?’আরেক পাঠক লিখেছেন, ‘ভাবতে অবাক লাগে, এ সমাজে এত নিষ্ঠুর লোক আছে। রাশেদুল কবির এ সমাজের একজন শিক্ষিত লোক, তাঁর বাবা একজন সাংবাদিক। একটি শিক্ষিত পরিবার কতটুকু নিচে নামতে পারে, সেটা ভাবলে অবাক হতে হয়।’তবে মহানগর পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার তৌফিক মাহবুব চৌধুরী প্রথম আলোকে বলেন, পুলিশ তাদের সাধ্যমতো মামলাটি নির্ভুল তদন্তের চেষ্টা করছে। আসামিরা ধরা পড়লে সব ঘটনা সবার কাছে পরিষ্কার হয়ে যাবে।‘প্রতিটি মৃত্যুই কষ্টদায়ক। আর এই মৃত্যু হূদয়বিদারক।’ যারা এ আত্মহত্যায় প্ররোচনা দিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে মোহাম্মদ আলম আরও লিখেছেন, ‘সঠিক তদন্ত করে সব আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা দরকার। তাহলে এ রকম ঘটনা আর ঘটবে না।’এ ঘটনাটি আর পাঁচটা অস্বাভাবিক মৃত্যুর মতো নয়; ব্যক্তিজীবন, পারিবারিক বন্ধন, সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের এক নির্মম নজির হিসেবে সবাইকে নাড়িয়ে দিয়েছে। জন্ম দিয়েছে নানা প্রশ্নের।পাঠকের বিপুল প্রতিক্রিয়াই এর প্রমাণ। এর বাইরে আরও বিপুলসংখ্যক মানুষ আছেন, যাঁদের অনুভূতি হয়তো এ রকমই। এই ঘটনা থেকে একটি বিষয় স্পষ্ট, ফারজানার মতো নিরুপায় মানুষের আশ্রয় পাওয়ার জায়গা কমছে। তারই পরিণতিতে কেউ কেউ এমন মৃত্যুকে বেছে নিচ্ছেন শেষ আশ্রয় হিসেবে।[email protected]