ফারজানার প্রশ্ন, এখন তার কী হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মা-ভাই ও বোনদের পুড়িয়ে মারা হলো, তাঁদের মুখ পর্যন্ত দেখতে পারলাম না। একমাত্র আশ্রয় আব্বুও আমাকে ছেড়ে চিরতরে চইল্যা গেলেন। এখন আমার কী হবে।’
রাজধানীর পল্লবীতে কুর্মিটোলা বিহারি ক্যাম্পের বাসিন্দা মো. ইয়াছিনকে (৫০) হারিয়ে তাঁর পরিবারের একমাত্র জীবিত সদস্য ফারজানা আক্তার (১৫) বিলাপ করে গতকাল রোববার প্রথম আলোকে এসব কথা বলেছে। কুর্মিটোলা ক্যাম্পের পাশে এক আত্মীয়ের বাসায় আছে ফারজানা। গত শনিবার ফারজানার পোড়া ঘায়ের ওষুধ কিনতে গিয়ে ইয়াছিন বাসের চাপায় মারা যান।
ইয়াছিনের স্বজনদের অভিযোগ, তাঁকে পরিকল্পিতভাবে বাসচাপা দিয়ে হত্যা করা হয়েছে। তবে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ জিয়াউজ্জামান প্রথম আলোকে বলেন, ইয়াছিন ৯ নম্বর রুটের একটি বাসের গেটে ওঠামাত্র আরেকটি বাস পাশ থেকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তিনি হাসপাতালে মারা যান। স্বজনদের পক্ষ থেকে থানায় দুর্ঘটনাজনিত ধারায় মামলা করা হয়েছে। বাস ও চালককে শনাক্তের চেষ্টা চলছে। স্বজনদের অভিযোগের বিষয়েও তদন্ত চলছে।
গত ১৪ জুন ভোর থেকে দুপুর পর্যন্ত বহিরাগত ও পুলিশের সঙ্গে কুর্মিটোলা বিহারি ক্যাম্পের বাসিন্দাদের সংঘর্ষ হয়। সকালে বহিরাগত দুর্বৃত্তরা ইয়াছিনের ঘরে বাইরে থেকে তালা মেরে আগুন লাগিয়ে দিলে তাঁর স্ত্রী, তিন ছেলে, তিন মেয়ে, পুত্রবধূ ও এক নাতি পুড়ে মারা যান। ভাইদের কেটে দেওয়া বেড়ার ফাঁক দিয়ে বেরিয়ে এলেও ফারজানা দগ্ধ হয়। পুলিশের গুলিতে মারা যান বিহারি ক্যাম্পের এক বাসিন্দা।
গতকাল দুপুরে মিরপুর ১২ নম্বর সেকশনের ই ব্লকে ফারজানাদের এক আত্মীয়ের বাসায় তার সঙ্গে কথা হয়। ফারজানা কান্নাজড়িত কণ্ঠে বলে, ‘গত মাসে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার পর আব্বু আমারে লিয়া তাঁর মামির বাসায় ওঠার পর আমি মা, ভাই, বোনদের মৃত্যুর খবর জানি। তখন আব্বু আমাকে জড়িয়ে ধরে বলছিল, “কাইন্দো না মা, তুমি ও আমি ছাড়া দুনিয়ায় আমাদের আর কেউ নেই।” এর পর থেকে আব্বুর মধ্যে সান্ত্বনা খুঁজতাম। কিন্তু এখন আমাকে সান্ত্বনা কে দেবে।’ বলেই কান্নায় ভেঙে পড়ে ফারজানা। তাকে সান্ত্বনা দিতে গিয়ে স্বজনেরাও কান্নায় ভেঙে পড়েন।
ফারজানার মুখমণ্ডল কিছুটা শুকালেও পোড়া ডান হাত ও আঙুলের জোড়ায় সংক্রমণ ঘটেছে। সে জানায়, পোড়া ঘায়ে জ্বালাপোড়া করায় ঘুম হয় না। হাতের দিকে তাকিয়ে বলে, ‘মনে অইতাছে আমি আর এই হাত দিয়া লিখতে পারব না।’
ইয়াছিনের মামাতো ভাই জাহাঙ্গীর হোসেন ও মো. আলম বলেন, পরিবারের সবাইকে হারানো ফারজানার কান্না থামানো যাচ্ছে না। কোনো খাবারও মুখে নেয়নি সে।