ফারজানার শাশুড়ির রিমান্ড আজ
শিক্ষিকা ফারজানা নূর হত্যা মামলায় ফারজানার শাশুড়ি মাহেনুর বেগমকে (৫০) আজ বৃহস্পতিবার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। গত মঙ্গলবার নোয়াখালীর ৩ নম্বর আমলি আদালতের বিচারক নুরুল আফসার মাহেনুর বেগমের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। যদিও মামলার তদন্ত কর্মকর্তা গত ৩০ এপ্রিল আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মো. শাহীনুজ্জামান গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, রিমান্ডে নেওয়ার জন্য ফারজানার শাশুড়িকে বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী কারাগার থেকে বেগমগঞ্জ থানায় আনা হবে। ফারজানার ওপর নির্যাতন ও তাঁর মৃত্যুর বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। এদিকে, ফারজানা হত্যা মামলার অন্য তিন আসামি ফারজানার শ্বশুর এ বি এম আহছান উল্লা, স্বামী কলেজশিক্ষক বায়োজিদ বোস্তামি ও ননদ বদরুন নাহার আহছানকে গতকাল পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের মালামাল ক্রোকের জন্য গত মঙ্গলবার আদালতে আবেদন করেছেন। আদালত ২৩ মে এ বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন। প্রসঙ্গত, গত বছরের ২৪ জুন বরিশালের সরকারি হাতেম আলী কলেজের প্রভাষক বায়োজিদ বোস্তামীর সঙ্গে পারিবারিকভাবে ফারজানা নূরের বিয়ে হয়। বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির লোকজন যৌতুকসহ বিভিন্ন দাবিতে ফারজানার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকেন। এর মধ্যে ফারজানা মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন। গত ১৪ এপ্রিল নোয়াখালী শহরের মডার্ন হাসাপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে ফারজানা একটি কন্যাসন্তানের জন্ম দেন। সন্তান জন্মের তিন দিনের মাথায় শ্বশুর-শাশুড়ি অসুস্থ ফারজানাকে তাঁদের বেগমগঞ্জের বাড়িতে নিয়ে যান। সেখান থেকে ২২ এপ্রিল গুরুতর অসুস্থ অবস্থায় একই হাসপাতালে নেওয়ার পথে ফাজানার মৃত্যু হয়। ফারজানার পরিবারের সদস্যদের অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনে তাঁর মৃত্যু হয়েছে।