২০ দিনের ব্যবধানে বদলে গেছে ফারহানা জাহানের জীবন। গত ৩০ মে দুপুরে ফল ঘোষণার পর তার বন্ধুরা যখন উচ্ছ্বাস করছে, ফরহানার কাছে তখন জীবনটাই যেন অর্থহীন। অপমানে, হতাশায় মাটির সঙ্গে মিশে যেতে চেয়েছিল সে। সেদিন ছিল শনিবার। এর ২০ দিন পর গতকাল আরেক শনিবারে পুনর্নিরীক্ষণের ফল পেয়ে যেন আকাশে উড়ছে ফারহানা!
ছোট্ট জীবনে ফারহানা সবচেয়ে বড় আঘাত পেয়েছিল সেদিন। এসএসসি পরীক্ষায় সব বিষয়ে এ প্লাস পেলেও অকৃতকার্য দেখানো হয় গণিতে। পরীক্ষায় সে পাস করেনি, এটি তার বিশ্বাস হচ্ছিল না। বিপর্যস্ত হয়ে পড়ে সে। বিদ্যালয়ের শিক্ষকেরাও বিষয়টি মানতে পারেননি।
চট্টগ্রামের কাপাসগোলা সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ের বাণিজ্য বিভাগ থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয় সে। তিন সপ্তাহের অসহনীয় যন্ত্রণা থেকে মুক্তি মেলে গতকাল। পুনর্নিরীক্ষণের ফল ঘোষণায় দেখা যায়, অকৃতকার্য হওয়া বিষয়েও এ প্লাসই পেয়েছে মেধাবী এই ছাত্রী।
ফারহানার মতোই একই পরিস্থিতির শিকার হয়েছে চট্টগ্রাম পুলিশ ইনস্টিটিউশন থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া বিজ্ঞান বিভাগের ছাত্র মো. আজাদ হোসাইন। পুনর্নিরীক্ষণের ফলের পর সেও যেন নতুন জীবন ফিরে পেয়েছে।
গত ৩০ মে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার ফল ঘোষণার পর দেখা যায়, ফারহানা ও আজাদ দুজনই ফেল করেছে। সেই ফল চ্যালেঞ্জ করে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করে দুজনই। গতকাল সকালে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়। এতে দুজনই জিপিএ-৫ পায়। এর মধ্যে ফারহানা সব বিষয়ে জিপিএ পেয়েছে। পুনর্নিরীক্ষণে চট্টগ্রাম বোর্ডের ১৯১ পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। গত বছর পরিবর্তন হয়েছিল ১১৩ পরীক্ষার্থীর।
গতকাল সন্ধ্যায় চট্টগ্রামের মুরাদপুর গ্রিন ভিউ আবাসিক এলাকায় ফারহানাদের বাসায় গিয়ে দেখা যায়, পুরো পরিবারে যেন খুশির বন্যা বইছে। আবেগে কাঁপছিলেন মা সৈয়দা বুলবুল ও বাবা শেখ মোহাম্মদ শাহ জাহান হক। বোনের সাফল্যে খুশি বড় বোন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্রী ফারজানা জাহান ও ছোট ভাই ষষ্ঠ শ্রেণির ছাত্র ফারিয়াল বিন শাহ।
সৈয়দা বুলবুল বললেন, ‘সেদিন পরীক্ষার ফল ঘোষণার পর সবার ঘরে ঘরে আনন্দ। আর আমার ঘরে অন্ধকার। মেয়ে পরীক্ষায় ফেল করেছে, তা কোনোভাবেই বিশ্বাস করতে পারছিলাম না। ক্লাসে সব সময় প্রথম দিকে ছিল ফারহানা। সে কীভাবে ফেল করে? তাই বিদ্যালয়ের শিক্ষকদের পরামর্শে পুনর্নিরীক্ষণের আবেদন করি। আজকের ফলাফলে আমরা খুবই খুশি।’
শিক্ষা বোর্ডের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলে সৈয়দা বুলবুল বলেন, বোর্ড কর্তৃপক্ষের অবহেলার কারণে মানসিকভাবে ভেঙে পড়েন তাঁরা। দুর্বিষহ দিন কাটাতে হয়েছে তাঁদের।
পুরো পরিবারকে অসহনীয় যন্ত্রণার মধ্যে গত তিন সপ্তাহ পার করতে হয়েছে বলে জানান ফারহানার বাবা ওষুধ ব্যবসায়ী শেখ মোহাম্মদ শাহ জাহান হক। তিনি বলেন, ‘ফল ঘোষণার পর একেবারেই ভেঙে পড়ে মেয়ে। ডাক্তারও দেখাতে হয়েছে তাকে। ভয়ে ছিলাম কখন কী দুর্ঘটনা ঘটে যায়। যাক, এখন আনন্দের দিন।’
ফারহানা জাহান বলে, তার গণিত পরীক্ষা খুব ভালো হয়েছিল। ফলের আশায় ছিল সে। এখন খুব ভালো লাগছে।
কাপাসগোলা সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক এনামুল হক প্রথম আলোকে বলেন, ‘সে (ফারহানা) ভালো করবে, তা আমাদের সবার জানা ছিল। কিন্তু তার মতো এত ভালো ছাত্রী ফেল করায় সবাই অবাক হয়ে যায়।’
উত্তরপত্র মূল্যায়নে গাফিলতির সঙ্গে জড়িত পরীক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান। তিনি গতকাল প্রথম আলোকে বলেন, প্রধান পরীক্ষকের দায়িত্বে থাকা চট্টগ্রাম শহরের সরকারি বিদ্যালয়গুলোর অনেক শিক্ষক যথাযথ দায়িত্ব পালন করেননি। অন্যবারের তুলনায় এবার বেশি ভুল-ত্রুটি হয়েছে। পরীক্ষকদের দায়িত্বে অবহেলার বিষয়টি বোর্ডের শৃঙ্খলা কমিটির বৈঠকে উপস্থাপন করা হবে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য এবার আবেদন করেছিল ৯ হাজার ৭৮৬ জন পরীক্ষার্থী। তারা ২২ হাজার ৫২৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য গত ৩১ মে থেকে ৬ জুন পর্যন্ত আবেদন করে। সবচেয়ে বেশি ৪ হাজার ২৮৬টি আবেদন জমা পড়ে গণিত বিষয়ের উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য।
বোর্ডের পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল বিশ্লেষণ করে দেখা যায়, নতুন করে উত্তীর্ণ হয়েছে ৪৪ পরীক্ষার্থী (দুজন জিপিএ-৫)। জিপিএ পরিবর্তন হয়েছে ৮৮ জনের।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক সুমন বড়ুয়া জানান, পুনর্নিরীক্ষণের পর ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা কলেজে ভর্তির জন্য ২১ জুন (রোববার রাত ১১টা ৫৯ মিনিট) পর্যন্ত আবেদন করতে পারবে। তবে ইতিমধ্যে যারা আবেদন করেছে, তারা চাইলে কলেজের পছন্দক্রম পরিবর্তন করতে পারবে।
গত ৩০ মে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ৯৭৯টি বিদ্যালয় থেকে ৮৮ হাজার ৪৬৮ পরীক্ষার্থী অংশ নিলেও পাস করে ৭৩ হাজার ২২১ জন। এবার বোর্ডে গড় পাসের হার ৮২ দশমিক ৭৭ শতাংশ।