ফারাক্কা নিয়ে ভারতের সঙ্গে নতুন করে আলোচনা দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সভাপতি মোজাফ্ফর আহমদ বলেছেন, নদী রক্ষার জন্য প্রথমত সরকারকে ফারাক্কা বাঁধ বিষয়ে ভারতের সঙ্গে নতুন করে আলোচনা করতে হবে। গতকাল শুক্রবার বাপা আয়োজিত ঢাকা রিপোটার্স ইউনিটিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মোজাফ্ফর আহমদ এ কথা বলেন। নদীকে অবক্ষয়িত জলাশয় ঘোষণা, নদীতে ক্রসবাঁধ রেগুলেটর দিয়ে মৎস্য চাষ নিষিদ্ধ করা, নদী ধ্বংস-প্রক্রিয়া বন্ধ করাসহ বিভিন্ন দাবিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।মোজাফ্ফর আহমদ আরও বলেন, প্রধানমন্ত্রী নদী রক্ষার জন্য একটি টাস্কফোর্স গঠন করেছেন, কিন্তু তাতেও নদী রক্ষা হচ্ছে না। আবার নদী দখলদাররাও হাইকোর্টের নির্দেশ মানছেন না। এখন নদী রক্ষার প্রধান উপায় জনগণকে সচেতনভাবে উদ্বুদ্ধ করা। নদী রক্ষার প্রচারণায় গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।বাপার সাধারণ সম্পাদক মো. আবদুল মতিন বাপার নদী মনিটরিং সেলের তথ্য থেকে উদাহরণ দিয়ে বলেন, গত এক বছরে সারা দেশের প্রায় সব নদীই কম-বেশি দূষণের কবলে পড়েছে। মনিটরিং সেলের আওতায় আসা ১৭৪টি ছোট-বড় সব নদীই বিপদাপন্ন।বাপার যুগ্ম সম্পাদক জাকির হোসেন বলেন, ষাটের দশকে দেশে নদী ছিল ৭৫০টি। বর্তমানে এ সংখ্যা ২৩০টি। এর মধ্যে ২৫টি নদী একেবারেই মৃত।সংবাদ সম্মেলনে বাপার সহসভাপতি খন্দকার বজলুল হক মূল বক্তব্য পড়ে শোনান। বিজ্ঞপ্তি।