ফারাক্কা বাঁধ তুলে দেওয়ার দাবি নীতিশ কুমারের
ভারতের বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ফারাক্কা বাঁধ তুলে দেওয়ার দাবি জানিয়েছেন। গত সোমবার রাজ্যে জনসাধারণের সঙ্গে এক সংলাপ কর্মসূচির পর তিনি আরও বলেন, এই বাঁধের কোনো উপযোগিতা নেই এবং এর কারণেই প্রতিবছর তাঁর রাজ্যে বন্যা হয়।
নীতিশ কুমার বক্সারে প্রস্তাবিত জলাধারেরও প্রতিবাদ করেছেন। সাংবাদিকদের তিনি বলেন, ‘গত কেন্দ্রীয় সরকারের আমলেও আমরা পশ্চিমবঙ্গের ফারাক্কা বাঁধ তুলে দেওয়ার দাবি জানিয়েছিলাম। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এ কথাও জানিয়েছি যে এ বাঁধের কারণে গঙ্গা নদীতে প্রচুর পলিমাটি জমছে এবং এটিই ফি বছর বিহারে বন্যা হওয়ার প্রধান কারণ।’
নিজের দাবির পক্ষে যুক্তি তুলে ধরে নীতিশ কুমার বলেন, ‘অনেক বিশেষজ্ঞ ফারাক্কা বাঁধের অসুবিধা নিয়ে কথা বলেছেন এবং পশ্চিমবঙ্গের যে প্রকৌশলী শুরুতে এর নির্মাণকাজে যুক্ত ছিলেন, তিনিও এর বিরোধিতা করেছিলেন।...আমি সব প্ল্যাটফর্মে এ বাঁধের বিরুদ্ধে কথা বলেছি।’