ফারাক্কা বাঁধ রক্ষণাবেক্ষণে যৌথ সমন্বয় কমিটির প্রস্তাব পশ্চিমবঙ্গের
ফারাক্কা বাঁধ রক্ষণাবেক্ষণের জন্য এবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার একটি যৌথ সমন্বয় কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে। গত বৃহস্পতিবার রাজ্য বিধানসভার অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তৃণমূল বিধায়ক পরশ দত্তের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন রাজ্যের সেচমন্ত্রী মানস ভূঁইয়া।মানস ভূঁইয়া বলেন, ফারাক্কা বাঁধ নির্মাণ, পর্যবেক্ষণ ও রক্ষণাবেক্ষণের জন্য কেন্দ্রীয় সরকার, ফারাক্কা বাঁধ কর্তৃপক্ষ ও রাজ্য সরকারকে নিয়ে একটি যৌথ সমন্বয় কমিটি গড়ার প্রস্তাব দিচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। মন্ত্রী আরও বলেন, ফারাক্কার ১১২টি স্লুইসগেটের মধ্যে ৩৩টি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ক্ষতিগ্রস্ত স্লুইসগেট থেকে প্রতিদিন ১২ হাজার কিউসেক পানি বেরিয়ে যাচ্ছে। তাই এগুলোর মেরামতের কাজ শুরু করা জরুরি। এ জন্য কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ৭০ কোটি রুপি পাওয়া গেছে। মন্ত্রী বলেন, প্রথমে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ছয়টি গেট মেরামত করা হবে। এরপর পর্যায়ক্রমের প্রথম দফায় ৩৩, দ্বিতীয় দফায় ৩৬ এবং শেষ দফায় ৩৭টি গেট মেরামত করা হবে।বিধায়ক পরশ দত্ত বলেন, শোনা যাচ্ছে, ফারাক্কা বাঁধের কারণে ভবিষ্যতে গঙ্গা নদীর গতিপথ পরিবর্তন হতে পারে। এটি হলে ফারাক্কা বাঁধ কার্যকারিতা হারাবে। এ ব্যাপারে রাজ্য সেচ দপ্তর কোনো চিন্তাভাবনা করছে কি না, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ব্যাপারটি সুনিশ্চিত হওয়ার জন্য উপগ্রহের সাহায্য নিয়ে ‘জিওলজিক্যাল অ্যান্ড হাইড্রলজিক্যাল’ সমীক্ষা চালানো হবে।