ফারাক্কা বাঁধের ভাঙনে বাংলাদেশ ‘বেশি’ পানি পাওয়ায় ক্ষিপ্ত মমতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ফারাক্কা বাঁধের কয়েকটি স্লুইসগেট ভেঙে যাওয়ায় বাংলাদেশ বেশি পানি পাচ্ছে। অথচ কেন্দ্রীয় সরকার এ বাঁধ মেরামতের উদ্যোগ নিচ্ছে না। এতে ক্ষিপ্ত হয়ে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছে চিঠি পাঠিয়েছেন তিনি।গতকাল বৃহস্পতিবার টাইমস অব ইন্ডিয়া পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের সময় তিস্তা চুক্তির সব সম্ভাবনা শেষ করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এখন খেপেছেন ফারাক্কা পানি চুক্তি নিয়ে।মমতা গত বুধবার সন্ধ্যায় মহাকরণে বলেন, ‘ফারাক্কা বাঁধের সমস্যার কথা জানিয়ে আমি সোমবার প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলাম। আজ চিঠির উত্তর এসেছে। প্রধানমন্ত্রী সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন।’চিঠিতে মমতা জানান, ফারাক্কা বাঁধের একটি লক গেট ভেঙে আছে গত ২৬ জুন থেকে। আরও একটি গেট ভাঙে ৯ ডিসেম্বর। অন্য গেটগুলোর অবস্থাও ভালো নয়।মুখ্যমন্ত্রীর সচিবালয়ের একজন মুখপাত্র মহাকরণে বলেন, ‘ফারাক্কার পরিস্থিতি খুবই উদ্বেগজনক। বাঁধের ভাঙা অংশ দিয়ে হু হু করে পানি বেরিয়ে পদ্মা নদীতে চলে যাচ্ছে।’আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, সেচমন্ত্রী মানস ভূঁইয়ার নির্দেশে সেচসচিব অঞ্জন চট্টোপাধ্যায় ফারাক্কা বাঁধ পরিদর্শন শেষে গত বুধবার একটি প্রতিবেদন জমা দিয়েছেন মুখ্য সচিবের দপ্তরে। এতে বলা হয়েছে, ফারাক্কা চুক্তি অনুযায়ী, এ মৌসুমে প্রতিদিন বাংলাদেশের সর্বোচ্চ ৪০ হাজার কিউসেক পানি পাওয়ার কথা। কিন্তু বাঁধের গেট ভাঙা থাকায় পাচ্ছে ৪৬ হাজার কিউসেক পানি।