ফারাক্কা বাঁধের স্লুইস গেট মেরামতে ১৫০ কোটি রুপি বরাদ্দ
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপে ফারাক্কা বাঁধের স্লুইসগেট মেরামতের জন্য কেন্দ্রীয় সরকার ১৫০ কোটি রুপি বরাদ্দ করেছে। গত বছর বন্যার তোড়ে ফারাক্কা বাঁধের ১৩ নম্বর স্লুইসগেট ভেঙে যায়। তিন মাস পর আবার শুষ্ক মৌসুমে ভেঙে যায় ১৬ নম্বর গেট। এই গেট দুটি সাময়িকভাবে মেরামত করা হলেও পুরোপুরি সারানো যায়নি। মমতা বলেছিলেন, স্লুইসগেট ভেঙে যাওয়ায় অতিরিক্ত পানি বাংলাদেশে চলে যাচ্ছে। মমতা অবিলম্বে স্লুইসগেট পাকাপোক্তভাবে মেরামতের সঙ্গে অন্যান্য স্লুইটগেটও মেরামত করার দাবি তোলেন। এরপরই ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় ফারাক্কা বাঁধের স্লুইসগেট মেরামতের জন্য ১৫০ কোটি রুপি বরাদ্দ করেন। এদিকে বৃহস্পতিবার স্লুইসগেট মেরামত নিয়ে ফারাক্কা প্রকল্পের প্রশাসনিক ভবনে এক বৈঠক হয়। কেন্দ্রীয় পানিসম্পদ মন্ত্রণালয়ের কারিগরি পরামর্শদাতা কমিটির চেয়ারম্যান এ কে গাঞ্জুসহ স্থানীয় সাংসদ, বিধায়ক এবং প্রশাসনিক কর্মকর্তারা বৈঠকে যোগ দেন। বৈঠকে স্লুইসগেট মেরামত নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ফারাক্কা বাঁধে ১২৩টি গেট রয়েছে। ১৯৬১ সালে এই বাঁধের নির্মাণকাজ শুরু হয়ে শেষ হয় ১৯৭৫ সালে।