দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘একসময় আমরা বলেছি, ফারাক্কা বাঁধ আমাদের জন্য মরণফাঁদ। কিন্তু এখন তা ভারতের জন্য মরণফাঁদ হয়ে দাঁড়িয়েছে।’
চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গতকাল রোববার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ভারতের অনেকে ফারাক্কা বাঁধকে মরণফাঁদ বলছেন।
ত্রাণমন্ত্রী আরও বলেন, ‘দুর্যোগ মোকাবিলায় মন্ত্রণালয়ের সার্বিক প্রস্তুতি রয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তা করতে আমরা নভেম্বর পর্যন্ত প্রস্তুতি নিয়ে রেখেছি। ফারাক্কা বাঁধের পানি ছেড়ে দেওয়া হলে কোনো সমস্যা হবে না বলেই আমরা মনে করছি। তারপরও বর্ষার শেষে পানি বৃদ্ধির আশঙ্কা থেকেই যায়।’
জেলা প্রশাসক মো. আবদুস সবুর মণ্ডলের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন পুলিশ সুপার শামসুন্নাহার, জেলা আওয়ামী লীগের সভাপতি মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, নৌ-পুলিশের এসপি সুব্রত কুমার হালদার, নারী মুক্তিযোদ্ধা সৈয়দা বদরুন্নাহার চৌধুরী।