ফারাজ, অবিন্তা ও তারিশিকে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের ইমোরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা গত বৃহস্পতিবার বিশেষ অনুষ্ঠানে ফুল দিয়ে গুলশানে রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহত ফারাজ আইয়াজ হোসেন ও অবিন্তা কবীরকে স্মরণ করেন। তাঁরা ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন l ছবি: ইমোরি বিশ্ববিদ্যালয়ের সৌজন্যে
যুক্তরাষ্ট্রের ইমোরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা গত বৃহস্পতিবার বিশেষ অনুষ্ঠানে ফুল দিয়ে গুলশানে রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহত ফারাজ আইয়াজ হোসেন ও অবিন্তা কবীরকে স্মরণ করেন। তাঁরা ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন l ছবি: ইমোরি বিশ্ববিদ্যালয়ের সৌজন্যে
ফারাজ আইয়াজ হোসেন
ফারাজ আইয়াজ হোসেন

গুলশানে রেস্তোরাঁয় হামলায় নিহত ফারাজ আইয়াজ হোসেন, অবিন্তা কবীর ও তারিশি জৈনকে স্মরণ করেছেন যুক্তরাষ্ট্রের ইমোরি বিশ্ববিদ্যালয় ও ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় বার্কলের শিক্ষক-শিক্ষার্থীরা। ফারাজ ও অবিন্তা ইমোরি বিশ্ববিদ্যালয় এবং তারিশি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় বার্কলের শিক্ষার্থী ছিলেন। গত সপ্তাহে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই তিনজনের প্রতি বিশেষ শ্রদ্ধা জানিয়ে তাঁদের স্মরণ করা হয়।
ইমোরি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যায়, গত বৃহস্পতিবার বিশেষ ওই অনুষ্ঠানে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মীরা। প্রায় এক ঘণ্টার ওই আয়োজনে মোমবাতি জ্বালিয়ে, ফুল দিয়ে ফারাজ হোসেন ও অবিন্তা কবীরকে স্মরণ করা হয়। তাঁরা দুজনসহ গুলশানে হামলায় নিহত ২০ জনের আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনাও করা হয়। অনুষ্ঠানে তাঁদের স্মরণে কবিতা আবৃত্তি করা হয়।
বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে ওয়েবসাইটে বলা হয়, হামলাকারীরা ফারাজকে ছেড়ে দিয়েছিল। কিন্তু দুই বন্ধু অবিন্তা ও তারিশির কথা ভেবে তিনি (ফারাজ) চলে যাননি। এটাকে অসাধারণ ব্যক্তিত্বের পরিচয় বলে উল্লেখ করা হয়।

অবিন্তা ক​বীর
অবিন্তা ক​বীর

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আরও জানানো হয়, ফারাজ আইয়াজ হোসেন ও অবিন্তা কবীরকে স্মরণ করতে ভবিষ্যতে আরও বিশেষ আয়োজন করার পরিকল্পনা রয়েছে। এই দুজন পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের নেতৃত্বও দিয়েছেন। দুজনই স্টুডেন্টস অ্যাক্টিভিটিস কমিটির (এসএসি) প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
জ্যাকসন নামের এক শিক্ষার্থী ফারাজ হোসেন ও অবিন্তাকে স্মরণ করে লিখেছেন, বন্ধুত্বের জন্য ফারাজের আত্মত্যাগ দেখিয়েছে, বন্ধুত্বের বন্ধন কতটা দৃঢ় হতে পারে।
ফারাজ হোসেন ও অবিন্তা কবীরের স্মরণ আয়োজনে বক্তব্য দেন বাংলাদেশি শিক্ষার্থী রিফাত মুরসালিন। তিনি বলেন, ‘আমার বন্ধুরা জানিয়েছে, ওই হামলার ঘটনার পর থেকে ঢাকায় বৃষ্টি হচ্ছে। আমি মনে করি, এটা বৃষ্টি নয়, শোকের কান্না।’ তিনি আরও বলেন, ‘আমরা, বাঙালিরা অতিথিপরায়ণতার জন্য গর্ব করি। কিন্তু ওই রেস্তোরাঁয় অতিথিদের রক্ষা করতে পারিনি।’

তারিশি জৈন
তারিশি জৈন

ফারাজ যুক্তরাষ্ট্রের আটলান্টার ইমোরি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট শিক্ষার্থী ছিলেন। তিনি গ্রীষ্মের ছুটিতে গত ১৮ মে দেশে আসেন। আগামী ২২ আগস্ট তাঁর আবার যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার কথা ছিল। ফারাজ ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী লতিফুর রহমানের দৌহিত্র এবং সিমিন হোসেন ও ওয়াকার হোসেনের সন্তান। ১৯৯৬ সালের ১৫ এপ্রিল ফারাজের জন্ম। তিনি রাজধানীর স্যার জন উইলসন ও আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র ছিলেন।
ইমোরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অবিন্তা কবীর ল্যাভেন্ডার গ্রুপের মালিক মনজুর মোরশেদের নাতনি। এলিগ্যান্ট গ্রুপের চেয়ারম্যান রুবা আহমেদ ও ইহসানুল কবীরের মেয়ে অবিন্তা ঈদের আগে এসেছিলেন বাংলাদেশে। আর ১৯ বছর বয়সী তারিশি ভারতীয় নাগরিক হলেও বাবা সঞ্জীব জৈনের ব্যবসার সুবাদে পড়েছেন ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলে।
এদিকে গুলশানে হামলার ঘটনায় নিহত তারিশি জৈনসহ তিন শিক্ষার্থীর প্রতি গত মঙ্গলবার ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি, বার্কলের শিক্ষক-শিক্ষার্থীরা শ্রদ্ধা জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তিন দেশের পতাকা রেখে সামনে ফুল দিয়ে ও বিভিন্ন মতামত লিখে সন্ত্রাসী হামলায় নিহত তিন শিক্ষার্থীর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানানো হয়। বিশ্ববিদ্যালয়টির চ্যান্সেলর নিকোলাস ডির্কস বলেন, ‘আমাদের দুঃখ-কষ্ট প্রকাশের জন্য কোনো ভাষা জানা নেই। তারিশির জন্ম ভারতে, কিন্তু সে বিশ্বনাগরিক।’
১ জুলাই রাতে রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় হামলার ঘটনায় ৫টি দেশের ২০ জন নাগরিক নিহত হন।

রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের প্রতি গুলশানের ৭৯ নম্বর সড়কে দেশি-বিদেশি মানুষের ফুলেল শ্রদ্ধা। গতকাল শনিবার বিকেলে তোলা ছবি l প্রথম আলো
রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের প্রতি গুলশানের ৭৯ নম্বর সড়কে দেশি-বিদেশি মানুষের ফুলেল শ্রদ্ধা। গতকাল শনিবার বিকেলে তোলা ছবি l প্রথম আলো