ফারাজ আইয়াজ স্মরণে মেডিকেল বিতর্ক উৎসব ১৪ ও ১৫ অক্টোবর
মৃত্যুভয়কে জয় করে মানবিক মূল্যবোধের দৃষ্টান্ত গড়েছেন ফারাজ আইয়াজ হোসেন। তাঁর স্মরণে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) এবং রাজশাহী মেডিকেল কলেজ ডিবেটিং ক্লাব (আরএমসি ডিসি) যৌথভাবে ১৪ ও ১৫ অক্টোবর জাতীয় মেডিকেল কলেজ বিতর্ক উৎসব আয়োজন করেছে।
রাজশাহী মেডিকেল কলেজে দুদিনের এই উৎসবের নাম ‘ফারাজ আইয়াজ হোসেন স্মরণে, ইউনিমেড ইউনিহেলথ পঞ্চম এনডিএফ বিডি—আরএমসি ডিসি জাতীয় মেডিকেল কলেজ বিতর্ক ও কুইজ উৎসব ২০১৬’। স্লোগান—‘যুক্তির মুখরতায় জাগ্রত মানবতা’।
আয়োজকেরা বলেছেন, নিজের মৃত্যু অবধারিত জেনেও গত ১ জুলাই জঙ্গি হামলার সময় গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁ থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ প্রত্যাখ্যান করেন ফারাজ। তিনি সেখানে বন্ধুদের সঙ্গে অবস্থান করে মানবিক মূল্যবোধের যে দৃষ্টান্ত গড়েছেন, সেই আদর্শ তরুণদের মধ্যে ছড়িয়ে দিতে এই উৎসব আয়োজন করা হয়েছে। সব সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজের সহস্রাধিক ছাত্রছাত্রী এতে অংশ নেবেন। উৎসবে থাকছে উদ্বোধনী অনুষ্ঠান, শোভাযাত্রা, আজীবন সম্মাননা, বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা, ইংরেজি ও বাংলা ভাষায় বারোয়ারি বিতর্ক, সাংস্কৃতিক অনুষ্ঠান, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে সেমিনার, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে অংশ নিতে যোগাযোগের ফোন নম্বর: ০১৬৭১১৫৯২৭৯, ০১৭৬০৭১৫৩৫৩, ০১৭৪৫৮০৬৭০৩।
এনডিএফ বিডির চেয়ারম্যান এ কে এম শোয়েব বলেন, তরুণ প্রজন্মের মধ্যে মানবিক মূল্যবোধের চর্চায় এই আয়োজন সুদূরপ্রসারী ভূমিকা রাখবে বলে তাঁরা আশা করছেন।