ফারাজ আইয়াজ স্মৃতি গাদন প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রুখো জঙ্গিবাদ, রুখো মৌলবাদ’—স্লোগানে আজ বৃহস্পতিবার থেকে নওগাঁয় ফারাজ আইয়াজ হোসেন স্মৃতি গাদন (বদন) প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে। ২০১৬ সালের ১ জুলাই রাজধানীর হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহত ফারাজ আইয়াজ হোসেনসহ অন্য শহীদদের স্মরণে নওগাঁর সামাজিক-সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ তিন দিনব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করেছে।

নওগাঁ সদর উপজেলার লাখাইজানি গ্রামের খেলার মাঠে বেলা তিনটায় এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন পুলিশ সুপার মোজাম্মেল হক। প্রতিযোগিতায় মোট আটটি দল অংশ নেবে। আগামী শনিবার এই প্রতিযোগিতার চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে। ওই দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা নওগাঁ জেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বীর।

একুশে পরিষদ নওগাঁর সভাপতি ডি এম আবদুল বারী বলেন, তরুণ প্রজন্ম যাতে খেলাধুলা ও সংস্কৃতিচর্চার মধ্য দিয়ে জঙ্গিবাদ থেকে দূরে থাকতে পারে, এটাই তাঁদের উদ্দেশ্য। গাদন প্রতিযোগিতা ছাড়াও ফারাজ আইয়াজ হোসেনদের বীরত্বগাথা ও জঙ্গিবাদ মোকাবিলায় করণীয় নিয়ে এই তিন দিন ধরেই আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এসব আলোচনায় নওগাঁর সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনের বিদগ্ধ ব্যক্তিরা ছাড়াও প্রশাসনের কর্মকর্তারা অংশ নেবেন।

গ্রামীণ খেলাধুলার মধ্যে একটি পরিচিত খেলা হলো গাদন। এই খেলার জন্য ৩০ ফুট দৈর্ঘ্য ও ১৫ ফুট প্রস্থের মাঠ থাকে। থাকে চারটি লাইনে মোট তিনটি ঘর। প্রতিটি দলে পাঁচজন করে খেলোয়াড় থাকে। টস করে আক্রমণকারী ও প্রতিরক্ষাকারী নির্ণয় করা হয়। খেলার সময় একজন মারা পড়লে (প্রতিপক্ষের খেলোয়াড় স্পর্শ করলে মারা পড়ে) অন্য দলের অর্ধাংশ আক্রমণের সুযোগ পাবে। মোট ২৫ মিনিট এই খেলা অনুষ্ঠিত হয়।