ফারাজ আইয়াজ স্মৃতি গাদন প্রতিযোগিতা শুরু হলো নওগাঁয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রুখো জঙ্গিবাদ, রুখো মৌলবাদ’ স্লোগানে নওগাঁয় গতকাল বৃহস্পতিবার শুরু হলো ফারাজ আইয়াজ হোসেন স্মৃতি গাদন (বদন) প্রতিযোগিতা।

২০১৬ সালের ১ জুলাই গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত ফারাজ আইয়াজ হোসেনসহ অন্য শহীদদের স্মরণে নওগাঁর স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ তিন দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করেছে।

গতকাল বিকেল তিনটায় নওগাঁ সদর উপজেলার লাখাইজানি গ্রামের খেলার মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার (এসপি) মোজাম্মেল হক। সভাপতিত্ব করেন একুশে পরিষদ নওগাঁর সভাপতি আইনজীবী ডি এম আবদুল বারী। বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা শরিফুল ইসলাম খান ও ময়নুল হক, সাধারণ সম্পাদক মেহমুদ মোস্তফা প্রমুখ।

আজ শুক্রবার সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ১ জুলাই অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার চূড়ান্ত খেলা।

গ্রামীণ খেলাধুলার মধ্যে একটি পরিচিত খেলা হলো গাদন। এই খেলার জন্য ৩০ ফুট দৈর্ঘ্য ও ১৫ ফুট প্রস্থের মাঠ থাকে। থাকে চারটি লাইনে মোট তিনটি ঘর। প্রতিটি দলে পাঁচজন করে খেলোয়াড় থাকে। মোট ২৫ মিনিট এই খেলা অনুষ্ঠিত হয়।