
ফারাজ আইয়াজ হোসেনকে এ বছরের সমাবর্তনে একজন গ্র্যাজুয়েট হিসেবে স্বীকৃতি দিয়েছে ইমোরি বিশ্ববিদ্যালয়ের গয়জুয়েতা স্কুল অব বিজনেস। গ্র্যাজুয়েট শিক্ষাবর্ষ শেষ হওয়ার দুই বছর আগেই হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় তিনি মৃত্যুবরণ করেন। যুক্তরাষ্ট্রের আটলান্টায় অবস্থিত খ্যাতনামা এই বিশ্ববিদ্যালয় তাদের প্রয়াত শিক্ষার্থীর নামে ‘ফারাজ হোসেন কোর ভ্যালু অ্যাওয়ার্ড’ও প্রবর্তন করেছে। প্রথমবারের মতো পুরস্কারটি পেয়েছেন গুরবানি সিং নামের এক শিক্ষার্থী।
দুই বছর আগে ২০১৬ সালের মে মাসের মাঝামাঝি গ্রীষ্মের ছুটিতে ঢাকায় এসেছিলেন গয়জুয়েতা স্কুল অব বিজনেসের ছাত্র ফারাজ আইয়াজ হোসেন। কিন্তু ১ জুলাই হোলি আর্টিজান বেকারির জঙ্গি হামলা ওলট-পালট করে দেয় সবকিছু। গুলশানের ওই রেস্তোরাঁয় জঙ্গি হামলার সময় সঙ্গী দুই বন্ধু অবিন্তা কবির ও তারিশি জৈনকে বিপদের মুখে ফেলে ফারাজ নিজে বাঁচার সুযোগ নেননি। ফলে জঙ্গিরা তাঁকে নির্মমভাবে হত্যা করে। ওই ঘটনায় ১৭ বিদেশি নাগরিকসহ ২০ ব্যক্তি ও দুই পুলিশ কর্মকর্তা নিহত হন। এরপর যৌথ বাহিনীর অভিযানে পাঁচ জঙ্গিসহ ছয়জন নিহত হয়। পরে রেস্টুরেন্টের আরেক কর্মী মারা যান।
ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী লতিফুর রহমান এবং পরিচালক শাহনাজ রহমানের দৌহিত্র ফারাজ আইয়াজ হোসেন। সিমিন হোসেন ও ওয়াকার হোসেনের দুই ছেলের ছোটজন ফারাজকে সবাই আদর করে ‘ছোটু’ বলে ডাকতেন। ঢাকার স্যার জন উইলসন স্কুলে পড়াশোনায় হাতেখড়ির পর আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করেন ফারাজ। এখানে গ্র্যাজুয়েশনের পর পড়তে যান ইমোরি বিশ্ববিদ্যালয়ে।
সন্ত্রাসের বিরুদ্ধে, মানবতার কল্যাণে অবদান রাখা মানুষের স্মৃতি রক্ষায় বৃক্ষরোপণ ও স্মৃতিফলক স্থাপন করে থাকে গার্ডেন অব দ্য রাইচাস ওয়ার্ল্ডওয়াইড বা গারিও। ইতালির মিলানভিত্তিক অলাভজনক সংগঠনটি ২০১৬ সালের ১৫ জুলাই পাঁচজন ন্যায়নিষ্ঠ আরব ও মুসলিম ব্যক্তির স্মৃতির উদ্দেশে তিউনিসিয়ায় ইতালির দূতাবাসে ‘গার্ডেন অব দ্য রাইচাস’ বা ‘ন্যায়নিষ্ঠদের জন্য স্মৃতি-উদ্যান’ স্থাপন করে। ওই উদ্যানে ফারাজের নামে স্মৃতিফলক ও একটি বৃক্ষ রোপণ করা হয়। গারিও বিশ্বাস করে, যিনি একটি জীবন রক্ষা করেন, তিনি আসলে পৃথিবীটাকে বাঁচিয়ে রাখেন। ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় গারিওর এ উদ্যোগে যুক্ত। চলতি বছরের মার্চে ইতালির বেনেভোন্তো প্রদেশের রুমো হাইস্কুলে ফারাজের স্মরণে একটি গাছ লাগানো হয়।
হোলি আর্টিজান বেকারির বিয়োগান্ত ঘটনার পর বিশ্বে ফারাজ এখন ‘বন্ধুত্বের’ অন্য নাম। বিপদে বন্ধুদের ছেড়ে না যাওয়ার অনন্য স্বীকৃতি হিসেবে ফারাজ হোসেনকে মাদার তেরেসা পুরস্কারে (মরণোত্তর) ভূষিত করা হয়। ভারতের মুম্বাইতে এক অনুষ্ঠানে পুরস্কারটি গ্রহণ করেন তাঁর মা সিমিন হোসেন ও বড় ভাই যারেফ আয়াত হোসেন।
সঙ্গী বা সহকর্মীর প্রতি সহমর্মিতার দৃষ্টান্ত হিসেবে ২০১৬ সালে পেপসিকো গ্লোবাল প্রবর্তন করেছে ‘ফারাজ হোসেন সাহসিকতা পুরস্কার’। পেপসিকো ২০ বছর পুরস্কারটি প্রদান করবে। পুরস্কারের ঘোষণায় পেপসিকো গ্লোবাল বলেছে, বাংলাদেশি তরুণ বা তরুণীদের মধ্যে সাহসিকতার স্পৃহা উদ্দীপ্ত করতে এবং ফারাজের চেতনা জাগিয়ে তোলাই এই পুরস্কারের লক্ষ্য। ২০১৬ সালের ডিসেম্বরে প্রথমবারের মতো ‘ফারাজ হোসেন সাহসিকতা পুরস্কার’ পান মাদারীপুর কলেজের কর্মচারী মিরাজ সরদার। ওই কলেজের শিক্ষক রিপন চক্রবর্তীর ওপর হামলাকারী জঙ্গিকে তিনি হাতেনাতে ধরে ফেলেন। ২০১৭ সালে এ পুরস্কার পান এক প্রতিবেশীকে বাঁচাতে গিয়ে ছিনতাইকারীর হাতে নিহত খন্দকার আবু তালহা। পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিরা স্বীকৃতি সনদের পাশাপাশি ১০ হাজার মার্কিন ডলার পান।