ফারাজ স্মরণে বিতর্ক উৎসব

গুলশানের হলি আর্টিজান হামলায় নিহত ফারাজ আইয়াজ হোসেনের স্মরণে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) ও রাজশাহী মেডিকেল কলেজ ডিবেটিং ক্লাব (আরএমসি ডিসি) যৌথভাবে বিতর্ক উৎসবের আয়োজন করতে যাচ্ছে। ‘ফারাজ আইয়াজ হোসেন স্মরণে, ইউনিমেড অ্যান্ড ইউনিহেলথ ৫ম এনডিএফ বিডি-আরএমসি ডিসি জাতীয় মেডিকেল কলেজ বিতর্ক উৎসব-১৬’ শিরোনামে আগামী ১৪ ও ১৫ অক্টোবর রাজশাহী মেডিকেল কলেজ অডিটরিয়ামে এ উৎসব অনুষ্ঠিত হবে।
এনডিএফ বিডির চেয়ারম্যান এ কে এম শোয়েব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নিজের মৃত্যু অবধারিত জেনেও গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজানে জঙ্গিদের দেওয়া বেরিয়ে যাওয়ার সুযোগ প্রত্যাখ্যান করে বন্ধুদের সাথে অবস্থান করে ফারাজ প্রমাণ করে নিজের অকুতোভয় প্রাণশক্তির।’ মৃত্যুভয়কে জয় করে মানবিক মূল্যবোধের দৃষ্টান্ত গড়ে দেওয়া ফারাজের আদর্শ দেশের তরুণদের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এ উৎসবের আয়োজন করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে দুই দিনের এ উৎসবে বিতর্কের পাশাপাশি শোভাযাত্রা, আজীবন সম্মাননা, কুইজ প্রতিযোগিতা, সেমিনারসহ নানা আয়োজন থাকবে। উৎসবে অংশগ্রহণের জন্য যোগাযোগ: ০১৬৭১১৫৯২৭৯, ০১৭৬০৭১৫৩৫৩, ০১৭৪৫৮০৬৭০৩। ওয়েব ঠিকানা: www.ndf-bd.com। বিজ্ঞপ্তি